বাংলাদেশের প্রথম সারির অভিনেত্রীদের মধ্য অন্যতম বিদ্যা সিনহা মিম। আনুষ্ঠানিকভাবে আজ বৃহস্পতিবার তার শিক্ষাজীবন শেষ হলো। বাংলা সাহিত্যে অনার্স-মাস্টার্স শেষ করে আজ তার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন তিনি।
মিম বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আজ বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। যেখানে শিক্ষাজীবন সমাপ্তির সনদ পেয়েছেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠানে জনপ্রিয় এ অভিনেত্রীর হাতে সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব খবর ভক্তদের জানিয়েছেন মিম।
সমাবর্তনের পোশাক পরিহিত ছবি শেয়ার করে মিম লিখেছেন, ‘আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন আজকে। শিক্ষাজীবন অফিশিয়ালি শেষ হওয়ার দিন আজ, আজ আমার কনভোকেশনের দিন। সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স শেষ করি আমি। কনভোকেশনের এই অনুষ্ঠান ২০২০ সালে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির ফলাফল আমরা সবাই জানি। এর পরও বেটার লেট দ্যান নেভার,অবশেষে কনভোকেশন হচ্ছে। ’
মিডিয়াতে কাজ ও পড়াশুনা একসঙ্গে চালিয়ে নেওয়া সহজ নয় তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পেয়েছেন তিনি। এ নিয়ে মিম বলেন, ‘ধন্যবাদ জানাই আমার প্রতিটি শিক্ষককে, যারা আমার পড়াশোনা শেষ করতে আমাকে সাহায্য করেছেন। মিডিয়াতে কাজ করে একই সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারটা খুব একটা সহজ নয় অবশ্যই। ধন্যবাদ জানাই আমার সেসব সহপাঠীকে, যারা পড়াশোনা বিষয়ে আমাকে সাহায্য করেছে।'
মিম আরো বলেন, ‘এই বছর জীবনের সব প্রাপ্তি মিলিয়ে আমি খুবই খুশি। ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে। ধন্যবাদ জানাই আমার মা-বাবাকে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য ভালোবাসা।’
একাধিক সিনেমা ও নাটকে কাজ করে দর্শকের মন জয় করেছেন মিম। সম্প্রতি মিমের মুক্তিপ্রাপ্ত সিনেমা পরাণ। সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের প্রশংসা কুড়াচ্ছে।










