ঈদে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এর পর গত জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত দুই সিনেমা—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। এই দুটি সিনেমার প্রচার উপলক্ষে কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে সিনেমার পাশাপাশি ব্যক্তিজীবনের কথাও খোলাখুলি বলেছেন এ অভিনেত্রী।
‘আপনার জীবনে বিশেষ কেউ আছেন কি?’— সাক্ষাৎকারে এ প্রশ্নের জবাবে জয়া অকপটে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’ যদিও তিনি নাম প্রকাশ করেননি, তবে জানান, তার বিশেষ মানুষটি সিনেমা দুনিয়ার কেউ নন।
জয়া বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর...। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হওয়া জরুরি। আমরা সেটি হতে পেরেছি। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি অভিনয়ের জন্য অনেক ভ্রমণ করি, এখানে (কলকাতা) দীর্ঘদিন থাকি, কাজ করি—এসব কিছুতেই তার আপত্তি নেই। যদিও একসঙ্গে থাকার সুযোগ খুব কম হয়, তবু আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি। আমরা দুজনেই খুব প্রাইভেট মানুষ।’
বিয়ে নিয়ে প্রশ্নে জয়ার উত্তর, ‘এখনই কিছু বলতে পারছি না। আমার খুব শিগগির বিয়ে করার ইচ্ছা আছে কি না বা আদৌ হবে কি না, জানি না। তবে হ্যাঁ, বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু সিদ্ধান্ত এখনো নেইনি।’
তাহলে কি তিনি বিয়ের জন্য প্রস্তুত নন? জয়ার ভাষ্যে, ‘এটা প্রস্তুতির ব্যাপার নয়। আমার আসলে একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে।’










