বৈশাখী টেলিভিশনও ব্যতিক্রম নয়। প্রতি বছরই থাকে বিশেষ আয়োজন। এ বছরের আয়োজনে থাকছে মোট ২৭টি নাটক, সাতটি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ‘ফানি মোমেন্ট’সহ নানা আয়োজন।
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। অংশ নেবেন রিজিয়া পারভীন, প্রিয়াংকা বিশ্বাস, দিঠি আনোয়ার, মনজুরুল ইসলাম খান, নাসির, তানিশা ইসলাম সেনিজ ও লাবনী আক্তার।
সাতদিনের প্রতিদিন বেলা ১১টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, তাসনিম আনিকা, সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবণী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বি ও ইসরাত জাহান জুঁই।
নিকোলাস হীরার প্রযোজনা এবং তমা রসিদের উপস্থাপনায় প্রতিদিন বেলা ১টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।
ঈদের দিন দুপুর সাড়ে ১২টায় প্রচার হবে কমেডি শো ‘ফানি মোমেন্ট’। বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়েই এ অনুষ্ঠান।
ঈদের সাতদিন বেলা ২টা ৩০ মিনিট থেকে প্রচার হবে সাতটি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘বাদশা’। বাবা যাদব ও আবদুল আজিজের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন জিৎ, নুসরাত ফারিয়া, শ্রদ্ধা দাস, ফেরদৌস, রজতাভ দত্ত প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘দরদ’। অভিনয় করেছেন শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। পরিচালনা অনন্য মামুন।
ঈদের তৃতীয় দিন প্রচার হবে রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন-২’। চতুর্থ দিন রয়েছে ‘নবাব’ এবং পঞ্চম দিন থাকবে ‘জীবনের গল্প’। ঈদের ষষ্ঠ দিন প্রচার হবে ‘শিকারি’। সপ্তম দিন দেখা যাবে ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি।
এছাড়া ২৭টি নাটকের মধ্যে ১৫টি একক, সাত পর্বের পাঁচটি ধারাবাহিক এবং সাতটি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিট এবং ৯টা ৫৫ মিনিটে। এছাড়া চাঁদরাতে ১০টায় প্রচার হবে পার্থ সরকারের রচনা ও পরিচালনায় একক নাটক ‘এই শহরে’। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।
বাকি ১৪টি একক নাটকের মধ্যে আছে ‘কাঠের চশমা’, ‘ডাবল চক্কর’, ‘কাজের বউ’, ‘পূর্ণতা’, ‘সোনার চেইন’, ‘ভালোবাসা ফিরে আসে’, ‘টাউট জামাই’, ‘পদ্মর ইরা’, ‘লিয়াকতের লটারি’, ‘বিয়ে করবো পালিয়ে’, ‘ভালোবাসার অন্য নাম তুমি’, ‘হারিয়ে খুঁজি তারে’, ‘ফিরে পাওয়া জীবন’ ও ‘গ্যাড়াকলে ভুটান’।
ঈদের পাঁচটি সাত পর্বের ধারাবাহিক হলো ‘মায়া’ ও ‘সোনার বাঁশি’। দুটি নাটকই পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।
অন্য তিনটির একটি হচ্ছে রওনক হাসান, তানজিকা আমিন, ফারজানা ছবি অভিনীত এবং আলমগীর খন্দকার দুলাল পরিচালিত ‘সাদা মনের মানুষ’। বাকি দুটির মধ্যে রয়েছে মৃত্যঞ্জয় সরদার উচ্ছাসের পরিচালনায় তানহা তাসনিয়া, ইমতু রাতিশ, শাহেদ আলী অভিনীত ‘গ্যাংস্টার’ এবং মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা অভিনীত ও তারিক মুহাম্মদ হাসান পরিচালিত ‘কফিলের ছেলে’।









