বলিউডের জনপ্রিয় সিনেমা মারদানির তৃতীয় কিস্তি মারদানি-৩-এর ট্রেলার অবশেষে প্রকাশ হয়েছে। ট্রেলারের প্রতিক্রিয়া এরই মধ্যে অত্যন্ত ইতিবাচক। নির্ভীক পুলিশ অফিসার শিবানি শিবাজি রায়ের চরিত্রে রানী মুখার্জি আবারো ফিরে এসেছেন। প্রথম থেকেই এ ফ্র্যাঞ্চাইজি সিনেমার পরিচিত গম্ভীর ও কঠিন টোন বজায় রাখা হয়েছে। ট্রেলারে কোনো ঝলমলে বা হালকা ভঙ্গি নেই; বরং এটি অন্ধকার, বাস্তবধর্মী ও সমাজের নিষ্ঠুর সত্যের দিকে চোখ রাখে।

ট্রেলারে দেখা যায়, শিবানি এবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) একজন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে দেয়া হয়েছে একটি অত্যন্ত ভয়ংকর ও অস্বস্তিকর মামলার দায়িত্ব, যা গল্পকে আরো গভীর ও আকর্ষণীয় করে তুলেছে। অনলাইন-অফলাইনে ট্রেলারের প্রশংসা করছেন দর্শক ও সিনেমাসংশ্লিষ্টরা। বিশেষ করে ‘কিং’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ ট্রেলারের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘মারদানি-৩-এর ট্রেলার ফ্যান্টাস্টিক! বজ্রাঘাতের মতো আছড়ে পড়েছে এটি। রানী যেন একেবারে সোনা। আম্মা চরিত্রে মল্লিকা প্রসাদ ভীষণ ভয়ংকর। অভিরাজ (পরিচালক), তুমি একেবারে বাজিমাত করেছ।’

মারদানি-৩-এর চিত্রনাট্য লিখেছেন আয়ুষ গুপ্ত। পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা। রানি মুখার্জির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জানকি বোদিওয়ালা। ‘আম্মা’ চরিত্রে মল্লিকা প্রসাদকে দেখা গেছে ভয়ংকর রূপে। প্রতিটি শটই শক্তিশালী ও সিরিয়াস।

প্রথম সিনেমাটি মূলত রানী মুখার্জির অভিনয়ের জন্যই প্রশংসিত হয়েছিল। এক রিভিউতে বলা হয়েছিল, ‘রানীর চোখ যেন ঘুষি মারার সময় আগুন ঝরায়।’ মারদানি-৩-এও রানী সে শক্ত কাঁধে পুরো গল্প বহন করতে প্রস্তুত। সিনেমাটি ৩০ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, শিবানি রায় আবারো পর্দায় ভক্তদের তাক লাগাতে আসছেন।

সূত্র: ইন্ডিয়া টাইমস