১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার জন্য গাওয়া গানটি প্রজন্মের পর প্রজন্মের শ্রোতার আবেগ ও স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। দীর্ঘ ৪৪ বছর পর সে গানই নতুন আয়োজনে আবার ফিরছে বড় পর্দায়। নতুন সংস্করণেও কণ্ঠ দিয়েছেন সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমীন।
আসন্ন সিনেমা ‘দম’-এ ব্যবহার করা হচ্ছে গানটির নতুন সংস্করণ। রাজধানীর একটি স্টুডিওতে সম্প্রতি সম্পন্ন হয়েছে এর রেকর্ডিং। এ সংস্করণে মূল গানের আবহ অক্ষুণ্ন রেখে যুক্ত হয়েছে নতুন কিছু কথা। নতুন অংশের কথা লিখেছেন তন্ময় পারভেজ এবং সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। গানটিতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মোমিন বিশ্বাস।
মূল গানটির কথা লিখেছিলেন প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, আর সুর করেছিলেন আনোয়ার পারভেজ। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের সে জনপ্রিয় গানকে বর্তমান প্রজন্মের দর্শকের কাছে নতুন আবহে পৌঁছে দেয়ার লক্ষ্যেই এটি দম সিনেমায় ব্যবহার করা হচ্ছে।
রেকর্ডিংয়ের ফাঁকে সাবিনা ইয়াসমীন জানান, নতুন সংস্করণের গানটি তার ভালো লেগেছে বলেই তিনি এতে কণ্ঠ দিয়েছেন। নতুনদের সঙ্গে কাজ করতে তার সবসময় ভালো লাগে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সিনেমাটির অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরীর অভিনয়ের প্রশংসাও করেন এ কিংবদন্তি শিল্পী।
সিনেমার পরিচালক রেদওয়ান রনি জানান, দম এমন একটি আবেগঘন গল্পের সিনেমা, যা দর্শকের নানা অনুভূতিকে ছুঁয়ে যাবে। তাই এমন একটি গান রাখতে চেয়েছেন, যার সঙ্গে মানুষের স্মৃতি ও ভালোবাসা জড়িয়ে আছে। তিনি বলেন, ‘এই মন তোমাকে দিলাম’ গানটা এখন আর শুধু একটা গান না, এর সঙ্গে একটা জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি, আনন্দ-বেদনা জড়িয়ে আছে। দম সিনেমাটাও তেমনই! গল্পটা দর্শকের নানা রকম অনুভূতিকে স্পর্শ করে যাবে।’
ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত দম এরই মধ্যে বছরের প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি হিসেবে আলোচনায় এসেছে। নতুন প্রজন্মের দর্শকের কাছে একটি কালজয়ী গানকে নতুনভাবে পৌঁছে দেয়ার এ প্রয়াস কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার অপেক্ষা।










