সন্ধ্যার নিজস্ব একটা রূপ আছে। দিনের শেষ। সারা দিন আলো ঢেলে ক্লান্ত সূর্য ডুবে যায়। ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যেতে শুরু করে পৃথিবী। দিনের স্মৃতি নিয়ে রাতের মুখোমুখি হওয়ার প্রস্তুতিই তো সন্ধ্যা। সন্ধ্যা মানে নির্জনতা। সন্ধ্যা মানে ঘরে ফেরা পাখিদের কিচিরমিচির থেমে যাওয়ার পর গা ছমছমে নিস্তব্ধতা। সন্ধ্যা নিভে গেলে আসে রাত। সাঁঝবাতি জ্বেলে রাতের মুখোমুখি দাঁড়ানোর প্রস্তুতি নেয় পথিক। যদি হঠাৎ ঝোড়ো হাওয়ায়  সাঁঝবাতিও নিভে যায়? পথিকের কী অবস্থা হয়? ঠিক সেই অবস্থা এখন বাংলা সংগীতের। মঙ্গলবার সন্ধ্যায় বাংলা গানের গ্যালাক্সি থেকে ঝরে গেল ‘সন্ধ্যা’ নামের উজ্জ্বল একটি তারা। আর কেউ ‘মধুমালতী’তে ডাকবে না। ঠিক তার পরদিন সকালে বাপ্পি নামের সাঁঝবাতিও নিভে গেল।  মঙ্গলবারে এত বড় ‘অমঙ্গল’, বুধবারে এত বড় ‘শনি’ কাটাবে কী করে বাংলা গান? কয়েক ঘণ্টার ব্যবধানে সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ীর প্রয়াণে বাকরুদ্ধ বাংলা ভাষাভাষীরা। শোকের মাতম চলছে মুম্বাই থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত। কেউ বলছেন, এ ক্ষত ঢাকার কোনো উপায় নেই। বাংলা সংগীতকে দগদগে এ ক্ষত বয়ে চলতে হবে, যতদিন পৃথিবী আছে, যতদিন আছে বাংলা ভাষা।  

বাংলা সংগীতজগতের এক স্বর্ণযুগের অবসান হলো গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের মধ্য দিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯০ বছরের এ কিংবদন্তি। শিল্পীর প্রয়াণের খবর টুইট করে জানান পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য শান্তনু সেন। শিল্পীর প্রয়াণে শোকাহত অনুরাগীরা। শোক প্রকাশ করেছেন বিনোদন ও সংস্কৃতিজগতের বিশিষ্টজনরা।

মঙ্গলবার অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল বুলেটিনে জানানো হয়েছিল, গীতশ্রীর শারীরিক পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। এদিন সকালে তার রক্তচাপ কমে যায়। যে কারণে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছিল কিংবদন্তি সংগীতশিল্পীকে। তবে শেষ রক্ষা হলো না।

‘মধুমালতী’র মতো নিজের কণ্ঠের জাদুতে কয়েক দশক ধরে সংগীতজগেক মাতিয়ে রেখেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। ১৯৩১ সালের ৪ অক্টোবর কলকাতার ঢাকুরিয়া এলাকায় জন্ম শিল্পীর। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনুরাগ। পণ্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক এটি কান্নান, অধ্যাপক চিন্ময় লাহিড়ীর কাছে তার শিক্ষা শুরু। ছিলেন ওস্তাদ বড়ে গুলাম আলি খাঁর শিষ্য। মুম্বাইয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। রাইচাঁদ বড়াল, শচীন দেব বর্মণের মতো সংগীত পরিচালকের তত্ত্বাবধানে ‘আঞ্জন গড়’, ‘তরানা’র মতো সিনেমার গানে নেপথ্য কণ্ঠ দিয়েছিলেন।

প্রায় ১৭টি হিন্দি ছবির জন্য গান গাওয়ার পর ব্যক্তিগত কারণে কলকাতায় চলে আসেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই থেকে শুরু বাংলার সুরেলা জগতের এক নতুন অধ্যায়। ‘সপ্তপদী’, ‘পথে হল দেরী’, ‘অগ্নি পরীক্ষা’, ‘দেয়া নেয়া’, ‘পিতা পুত্র’—একের পর এক সিনেমায় তার কণ্ঠের জাদু শ্রোতাদের মুগ্ধ করেছে বললে কম বলা হবে। বলা যায়, বাঙালির সাংস্কৃতিক মননে যোগ করেছে এক অভূতপূর্ব মাইলফলক। একসময় নাকি সুচিত্রা সেনের কণ্ঠ হিসেবে সন্ধ্যা মুখোপাধ্যায় ছাড়া আর কাউকেই ভাবতে পারতেন না সংগীত পরিচালকরা। এত সুর, এত গানের একচ্ছত্র সম্রাজ্ঞী সন্ধ্যা মুখোপাধ্যায়। ভারতের প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই তাকে পদ্মশ্রী পুরস্কার দিতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। অভিমানে তা প্রত্যাখ্যান করেন শিল্পী। বলেছিলেন, ‘মেরা দিল নাহি চাহতা হায়। আর একটা কথা জেনে রাখুন। আমার শ্রোতারাই আমার পুরস্কার।’ স্পষ্ট ভাষায় দিল্লির আমলাকে জানিয়ে দেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তার পর পরই অসুস্থ হয়ে পড়েন। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পীকে চিরবিদায়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ লেখা পাঠকের হাতে পৌঁছতে পৌঁছতে চিরদিনের জন্য হারিয়ে যাবেন ‘সন্ধ্যা’প্রদীপ।

সন্ধ্যাপ্রয়াণের শোকে তখনো দগদগে ঘা। এমন সময় খবর এল বাংলা গানের ‘স্বর্ণমানব’ চলে গেছেন। সন্ধ্যা নামার পর যেন নিভে গেল সাঁঝবাতিও। মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৯ বছর। ৮০ ও ৯০ দশকে ভারতে ডিস্কো সংগীতকে জনপ্রিয় করে তুলেছিলেন বাপ্পি লাহিড়ী। হাসপাতালটির পরিচালক ডা. দিপাক নামযোস্বীর বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, এক মাস ধরে লাহিড়ী ওই হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি অনেকগুলো জটিল রোগে ভুগছিলেন। অবশেষে মারা গেলেন নিদ্রাজনিত রোগে (ওএসএ)। স্বর্ণমানব লাহিড়ী ৭০ ও ৮০ দশকের শেষের দিকে ‘চলতে চলতে’, ‘ডিস্কো ড্যান্সার’ ও ‘শরাবি’র মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে জনপ্রিয় গান পরিবেশন করেন। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, এরপর বাপ্পি লাহিড়ী। তিন স্তম্ভের প্রয়াণে ভাষা হারিয়ে ফেলেছেন রুনা লায়লা। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘কয়েকদিনের ব্যবধানে লতা দিদি ও সন্ধ্যা দিদির পর এবার বাপ্পিজিকে চিরবিদায় জানাতে হলো। তাদের হারানোর শোক প্রকাশের ভাষা নেই আমার। কান্নাও যথেষ্ট নয়। আমি পুরোপুরি স্তব্ধ ও বিষাদগ্রস্ত।’ বাপ্পি লাহিড়ীর সঙ্গে কাজের কিছু স্মৃতি রোমন্থন করেছেন রুনা লায়লা, ‘তার সঙ্গে বেশকিছু চলচ্চিত্রের গান ও অ্যালবামে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। এর মধ্যে অন্যতম ছিল সুপারহিট অ্যালবাম সুপারুনা। আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় অসংখ্য কনসার্ট করেছি। এমন একজন প্রতিভাবানকে বিদায় জানানো কঠিন। তিনি নিজেকে আরো উঁচুতে নিয়ে যেতে পারতেন। অসাধারণ প্রতিভাবান সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ীর প্রয়াণে আমি বিষণ্ন ও মর্মাহত।’ রুনা লায়লার মতো বিষণ্ন ও মর্মাহত বাংলা সংগীতজগৎ। এ বিষণ্নতা কিসে দূর হবে কারো জানা নেই।