লস অ্যাঞ্জেলেসে ১ মার্চ অনুষ্ঠিত আয়োজনে ছয় দশকের বেশি সময়ের অসাধারণ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়। পুরস্কারটি প্রদান করেন প্রখ্যাত হলিউড অভিনেতা উডি হারেলসন।
অনুষ্ঠানে হারেলসন বলেন, ‘হ্যারিসন একজন প্রকৃত রেনেসাঁর মানুষ, একজন আইকনিক অভিনেতা, বিশিষ্ট পাইলট এবং একজন দক্ষ কাঠমিস্ত্রি; যিনি নিজেই নিজের বাড়ি তৈরি করেছেন। তিনি স্ক্রিনে যেকোনো মুহূর্তে যে অমোঘ শক্তি নিয়ে উপস্থিত হন তা বর্ণনা করা যায় না।’
অনুষ্ঠানে ফোর্ডের হলিউড যাত্রাকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিওচিত্র দেখানো হয়, যা তার টেলিভিশন থেকে শুরু হওয়া যাত্রা এবং ‘স্টার ওয়ারস’ ও ‘ইন্ডিয়ানা জোনস’-এর মতো সুপারহিট সিনেমার মুহূর্তগুলো তুলে ধরে। ভিডিওচিত্র শেষে দর্শক দাঁড়িয়ে ফোর্ডকে অভ্যর্থনা ও সম্মান জানান।
ফোর্ড তার বক্তৃতা শুরু করেন হাস্যরস দিয়ে। তিনি বলেন, ‘আমি এ মনোমুগ্ধকর মনোযোগের জন্য অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি। তবে আমার জীবনের মাঝপথে এমন অ্যাওয়ার্ড কিছুটা অদ্ভুতই বটে। আমি এখনো কাজ চলমান রাখা একজন অভিনেতা!’
নিজের অভিনয়যাত্রা নিয়ে ফোর্ড বলেন, ‘এক কাজ থেকে অন্য কাজ, এভাবে আমি ১৫ বছর সংগ্রাম করেছি। আবার কাঠমিস্ত্রির কাজেও গিয়েছি, যতক্ষণ না আমি একটি প্রচণ্ড সফল ছবিতে কাজ করার সুযোগ পাই। এসব কিছু আমি একা করতে পারতাম না।’ এ সময় ফোর্ড তার সফলতার জন্য ‘স্টার ওয়ারস’ নির্মাতা জর্জ লুকাস এবং ‘ইন্ডিয়ানা জোনস’-এর পরিচালক স্টিভেন স্পিলবার্গকে কৃতজ্ঞতা জানান।
বক্তৃতায় আবেগে আপ্লুত হয়ে ফোর্ড যোগ করেন, ‘অভিনেতা হিসেবে আমরা অনেক ধরনের জীবন অভিজ্ঞতা লাভ করি। আমরা এমন গল্প বলতে পারি যা আমাদের সম্পর্ককে শক্তিশালী করে এবং জীবনের অর্থ বোঝায়। আমি সত্যিই ভাগ্যবান। এমন ভাগ্যবান যে আমার পাশে ভালো মানুষগুলো আছে। আরো ভাগ্যবান যে এমন কাজ করি, যা আমাকেই চ্যালেঞ্জ করে যে এখনো আমি এটি করতে পারছি।’
সূত্র ও ছবি: ইয়ন










