ক্যান্সারের কাছে হার মানলেন ক্রিস্টি অ্যালি। আশি ও নব্বই দশকের এই জনপ্রিয় হলিউড অভিনেত্রী গতকাল সোমবার (৫ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। খবর বিবিসি।

পরিবারের পক্ষ থেকে দুই সন্তান উইলিয়াম স্টিভেনসন ও লিলি স্টিভেনসন মৃত্যুর খবরটি অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত অবহিত করেন।

১৯৮২ থেকে ১৯৯৩ সালে এনবিসি চ্যানেলের অন্যতম জনপ্রিয় কমেডি সিরিজ ছিল ‘চিয়ার্স’। সেখানে রেবেকা হাওয়ে চরিত্রে টেড ডানসনের বিপরীতে অভিনয় করেছিলেন ক্রিস্টি অ্যালি। সিরিজের ১৪৭টি অ্যাপিসোডে যুক্ত ছিলেন তিনি।

তার নামের পাশে যুক্ত রয়েছে স্টার ট্র্যাক টু, ওয়ান মোর চান্স, ম্যাডহাউজ, লাভারবয়ের মতো ব্যবসাসফল সিনেমা। রয়েছে ভেরোনিকা'স ক্লজেট বা লুক ইজ টকিংয়ের মতো টিভি সিরিজ।

ক্রিস্টি অ্যালি ১৯৯১ সালে অভিনয়ের স্বীকৃতি হিসেবে লাভ করেন এমি ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। ১৯৯৩ সালে দ্বিতীয়বারের মতো ঝুলিতে ওঠান এমি পুরস্কার।

পরিবারের পক্ষ থেকে ক্যান্সারের কথা বলা হলেও রোগের ধরন বা কোনো স্টেজে ছিল তা স্পষ্ট করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ক্যান্সারের সঙ্গে লড়ে আমাদের সাহসী ও প্রেমময়ী মা মৃত্যুবরণ করেছেন।

অভিনেত্রীর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন সহশিল্পী থেকে ভক্তদের অনেকে। জন ট্রাভোলটা ছিলেন ‘লুক হুজ টকিং’ সিরিজে ক্রিস্টির সহ-অভিনেতা। তিনি ইনস্টাগ্রামে লেখেন, যাদের সঙ্গে সবচেয়ে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, তাদের অন্যতম ক্রিস্টি। আমি তোমাকে ভালোবাসি ক্রিস্টি। জানি, আবার আমাদের দেখা হবে।