ফ্রান্সের দক্ষিণ উপকূলে গড়ে ওঠা কান শহরে ১৩ মে শুরু হয়েছিল ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। তারকা-জ্বলা সন্ধ্যা, গল্পে মোড়া সিনেমা আর শিল্পের বৈচিত্র্যে ভরপুর ছিল টানা বারো দিনের এই আয়োজন। অবশেষে ২৪ মে জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে নামল সেই পর্দা—যা ছিল চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার সমাপ্তি।

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে বাংলাদেশের গর্বের অধ্যায় রচিত হল। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ ৭৮তম আসরে বিশেষ উল্লেখযোগ্য সিনেমার স্বীকৃতি পেয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম সিনেমা, যা কানের অফিসিয়াল শর্ট ফিল্ম প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে এমন স্বীকৃতি অর্জন করল। এক প্রতিক্রিয়ায় রাজীব জানান, এ স্বীকৃতি কেবল একটি পুরস্কার নয়; এটি বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণচর্চার যুগান্তকারী সাফল্য।

আলী প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। এটি নির্মিত হয় সিলেটে, ২০২৪ সালের নভেম্বরে। কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প যেখানে নারীদের গান গাইতে দেয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। সেটা এমন এক সমাজ যেখানে গান গাওয়া মানেই বিদ্রোহ। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন। পরিচালকের ভাষায়, আলী একটি অপরিহার্য সত্য গল্প, যা বলা হয়েছে সরলতা, সৌন্দর্য ও আন্তরিকতার মাধ্যমে। কানে আলী তাই হয়ে উঠেছে সবার।

শনিবার রাজীব বলেন, ‘আপনি সত্যিকারের কিছু বলার চেষ্টা করলে, তা সবাই অনুভব করতে পারবেন। নির্মাতা হিসেবে নিজের ভাষায়, নিজের গল্প নিয়ে কথা বলি। সেই গল্প এমন সম্মান পাবে তা সত্যিই আনন্দের। এ অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের তরুণ নির্মাতাদের জন্য অনুপ্রেরণা।’

গত শুক্রবার কানে রাজীব পরিচালিত ১৫ মিনিটের সিনেমাটি প্রদর্শিত হয়।