বিজয় দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই মহান স্বাধীনতাযুদ্ধ নিয়ে সিনেমা নির্মাণ করা হয়। এ বছরও ব্যতিক্রম হচ্ছে না। ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে একাধিক সিনেমা। খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ আগামী ডিসেম্বরে মুক্তির কথা ছিল। তবে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেয়া হলো। এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ৩ মার্চ। এ নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেন নির্মাতা খিজির হায়াত খান। তিনি বলেন, ‘সিনেমাটির মুক্তি পিছিয়ে নেয়ার কারণ ডিসেম্বরে অনেক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। বলা যায় প্রতি সপ্তাহে দুটি করে সিনেমা আসবে। কিন্তু আমাদের হলের সংখ্যা সে তুলনায় কম। কিছু সিনেমা তারিখ নির্ধারণ না করেই ডিসেম্বরে হলে আসতে যাচ্ছে। এ পরিস্থিতিতে এত কষ্ট করে একটা সিনেমা নির্মাণ করে মুক্তি দেয়ার চর্চাটা খুব খারাপ। এছাড়া ডিসেম্বরে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা দেখা যাচ্ছে। অন্যদিকে আমাদের সিনেমাটি নিয়ে প্রচারণার জন্য একটু সময় দরকার। সবকিছু বিবেচনা করে আমরা ডিসেম্বর থেকে পিছিয়ে মার্চে সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি। বিজয়ের মাস থেকে আমরা স্বাধীনতা দিবসের মাসে চলে গিয়েছি।’
এ বছরের জুলাইয়ে ওরা ৭ জনের প্রথম টিজার প্রকাশ করা হয়। টিজার মুক্তির পর দর্শক ও সিনেমা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। ট্রেলার আর গান কবে দেখতে পাবে দর্শক-এ প্রশ্নের জবাবে খিজির হায়াত খান বলেন, ‘টিজার আমরা আগেই দিয়েছিলাম। ৩১ ডিসেম্বরে দর্শক ওরা ৭ জনের গান দেখতে পারবেন। আগামী ২০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওরা ৭ জনের প্রিমিয়ার করা হবে। বলা যায় বাংলাদেশ থেকে আমাদের সিনেমার প্রিমিয়ার ফিল্ম ফেস্টিভ্যালেই হতে যাচ্ছে। সিনেমাটির ট্রেলার দেখার জন্য যাদের অপেক্ষা-তাদের বলতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ওরা ৭ জনের ট্রেলার আসবে। আগামী মাস থেকেই আমরা আমাদের সিনেমার প্রচারণা করতে যাচ্ছি। আমরা একটু ভিন্নভাবেই সিনেমার প্রচারণার কথা ভাবছি।’
সাতজন মুক্তিযোদ্ধা ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, নাফিস আহমেদ, হামিদুর রহমান। এ সিনেমায় যে সাতজন মুক্তিযোদ্ধাকে দেখানো হবে তাদের একজনের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা খিজির হায়াত খান। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রযোজনায় সিনেমাটির সংগীতের দায়িত্বে ছিলেন নাজমুল আবেদীন আবির। এতে গান গেয়েছে ব্যান্ড অসমাপ্ত। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে নির্মিত ‘অস্তিত্বে আমার দেশ’ খিজির হায়াত খান পরিচালিত প্রথম সিনেমা। এছাড়া ২০১০ সালে নির্মাতা নির্মাণ করেন বাংলাদেশের প্রথম স্পোর্টস ফিল্ম ‘জাগো’।










