ছোট পর্দার পাশাপাশি ওয়েব দুনিয়ায় স্বতন্ত্র ধারার কাজের মাধ্যমে দর্শক মহলে স্থান করে নিয়েছেন আশফাক নিপুণ। মুকিম ব্রাদার্স, দ্বন্দ্ব সমাস, মিস শিউলি, আল্পনা কাজল, মহানগর আর সাবরিনার মতো একাধিক জনপ্রিয় নাটক ও সিরিজ পরিচালনা করেছেন এ নির্মাতা। ব্যস্ত কর্মজীবনের নানা বিষয় নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাবিহা জামান শশী
ঠিক এই সময়ে ব্যস্ততা কেমন যাচ্ছে?
ওটিটি প্লাটফর্মে শুটিংয়ের চেয়ে শুটিং পরিকল্পনা, স্ক্রিনিং, স্ক্রিপ্টিং ও অন্যান্য বিষয়ে সময় বেশি যায়। সামনে কয়েকটা কাজ করার পরিকল্পনা রয়েছে। এসব বিষয় গুছিয়ে আনতে হচ্ছে। সে হিসেবে বলা যায় অনেক ব্যস্ত।
একটি জনপ্রিয় বিজ্ঞাপনে তাহসান খানের ভয়েস দিয়েছিলেন, সম্প্রতি সেটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হলো। ঘটনাটা যদি বলতেন।
বিজ্ঞাপনটা ছিল মোস্তফা সরয়ার ফারুকীর বানানো। আমরা তার সহকারী ছিলাম। যতদূর মনে পড়ে, যখন বিজ্ঞাপনের শুটিং শেষ করে ডাবিং চলছে, তখন তাহসান দেশের বাইরে অথবা ঢাকার বাইরে শোয়ে। ওই সময় তাহসানের পক্ষে সম্ভব ছিল না এসে ভয়েস দিয়ে যাওয়ার। সহকারী পরিচালক হিসেবে প্রয়োজনে আমরা অনেক সময় নিজেরাই কিছু কাজ করে ফেলি। তখন যদি আমি ফারুকী ভাইকে বিষয়টা জানাতাম তাহলে অকারণে দুশ্চিন্তা করতেন। আমি কিছুটা ভয়েস মিমিক করতে পারি। তাই ভাবলাম ভয়েসটা আমি দিয়ে দিই। স্টুডিওতে দাঁড়িয়ে তাহসান যেভাবে কথা বলে সেভাবেই দিয়ে দিলাম। কেউ জানলও না, এমনকি তাহসানও না। সহকারী হিসেবে আমাদের এমন অনেক কাজ করে ফেলতে হয়, যাতে টাইমলাইন ঠিক থাকে।
মহানগর টু আসার ঘোষণা এসেছে। ওসি হারুনের বাকি গল্পটা আমরা কবে দেখতে পাব?
সত্যি কথা হচ্ছে, আমি এখনো কিচ্ছু জানি না। আর যে ঘোষণা এসেছে, সেটা এক বছর মেয়াদি। তাই এ বছর, নাকি আগামী বছর তাও বলতে পারছি না। তবে এটা বলতে পারি আগামী বছরের মধ্যেই আসতে পারে। গল্প নিয়ে এখনো পরিকল্পনা করছি। গল্প কোনটা কীভাবে করব, এখনো ভাবছি। মহানগরের আগে হয়তো আমি অন্য কাজও করতে পারি। সে রকম কথাবার্তা চলছে। তাই কিছুই নিশ্চিত করে বলতে পারছি না।
তবে সাবরিনার জন্য কী অপেক্ষা করছে...
সাবরিনা অবশ্যই আসবে। চেষ্টা থাকবে আগামী বছরের শেষের দিকে সাবরিনা নিয়ে আসার। দেখা যাক কী হয়।
আপনার নির্মিত কনটেন্টের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন চিত্র উঠে আসে। দর্শকের পছন্দ নাকি দায়িত্ববোধ_কোনটা মাথায় রেখে কাজ করেন?
আমি মনে করি, একজন আর্টিস্টের সমাজের প্রতি দায়বদ্ধতা থাকতেই হবে এমন কথা নেই। আর্টিস্টের দায়বদ্ধতা আর্টের প্রতি। মূলত প্রথম দায়বদ্ধতা আর্টের প্রতি আর দ্বিতীয় দর্শকের প্রতি। আমরা যাদের জন্য কনটেন্ট নির্মাণ করছি মূলত তাদের প্রতি দায়বদ্ধতা রয়েছে। কারণ তারা যে সময় ও অর্থ ব্যয় করে কাজটা দেখবে, তা যেন নষ্ট না হয়।
আর আমার গল্পে সমাজের প্রতি যে দায়বদ্ধতার কথা বলছেন, সেটা হয়তো চরিত্রের একটা অংশে উঠে আসে। একজন আর্টিস্ট কিংবা সংবেদনশীল মানুষ যা-ই বলি না কেন, আমি যে সমাজে বাস করি সেখানকার অনিয়ম আমাকে পীড়া দেয়। এ পীড়াটাই হয়তো আমার কাজের মধ্য দিয়ে উঠে আসে। এমন না যে আমি সবসময় সচেতনভাবেই এটা করি। গল্পের প্রয়োজনেই স্বাভাবিকভাবে এটা চলে আসে।
বর্তমানে পশ্চিমবঙ্গেও আমাদের দেশীয় কনটেন্ট জনপ্রিয়তা পাচ্ছে। বিনোদন দুনিয়ার এ লেনদেন আপনি কীভাবে দেখছেন?
আর্ট কখনো সীমারেখা মেনে চলে না। সীমারেখা আমরা টানি বিভিন্ন কারণে। সীমানাবিহীন আর্ট হয় বলেই আমরা পাবলো পিকাসোর নাম শুনেছি। কোনো বর্ডার তাকে আটকে রাখতে পারেনি। যেকোনো কাজ যখন চেনা পরিচিত গণ্ডির বাইরের দর্শককে ছুঁতে পারে, সেটা অবশ্যই অনেক বেশি অনুপ্রেরণা দেয়। পশ্চিমবঙ্গে এখন আমাদের দেশের কাজগুলো দেখা হচ্ছে। এটা কেবল পশ্চিমবঙ্গে না, আরো অনেক দেশেও হচ্ছে। ভিকি জাহেদ পুনর্জন্ম বানাল, এটা এখন সাবটাইটেল দিয়ে অন্য দেশেও দেখাতে পারবে। এখন গ্লোবালাইজেশনের সময়। তাই যেকোনো কাজ যেকোনো জায়গায় পৌঁছে যেতে পারে। তারই একটা ধাপ হিসেবে কাজগুলো মানুষ দেখছে। অবশ্যই বিষয়টা আনন্দের। বাইরে থেকে যত বেশি প্রশংসা আসবে, নির্মাতা হিসেবে আমার জন্য এটা তত বেশি অনুপ্রেরণাদায়ক হবে। যারা অভিনয় করবেন তাদের জন্য অনুপ্রেরণা জোগাবে। এছাড়া যারা এখানে বিনিয়োগ করেন, তারা একটু ভরসা পান। তাই সবকিছু মিলিয়ে এটা আশাব্যঞ্জক।
এখন পর্দায় আপনার উপস্থিতি শূন্য কেন?
আমি অভিনয় কখনো নিয়মিত করতাম না, খুব কমই করতাম। অভিনয়ে আসাটাও আমার সহকারী পরিচালক হওয়ার কারণে। এমন না যে আমার ইচ্ছা ছিল অভিনয়ে আসার। আমি অভিনয়ের জন্য কোনোদিন থিয়েটার বা ওয়ার্কশপে যাইনি। আমি পরিচালক হতে এসেছি। সহকারী পরিচালক হিসেবে তো অনেক কিছু করতে হয়। আমি মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কাজ করতাম। উনি বললেন, নতুন হিসেবে তোমরাই তোমাদের প্রডাকশনে অভিনয় করো। এভাবেই আমি টু ইন ওয়ানে অভিনয় করেছিলাম। এটা আমারই বানানো। সহকারী পরিচালক হওয়া থেকেই অভিনয়। এটা হয়েছে তাহসানের ভয়েজ দেয়ার মতো। আমি তো অভিনয় পারি না, তাই নিয়মিত হওয়াও সম্ভব নয়। অভিনয় একটা আর্ট, যেটা আমার নেই। আমি টুকটাক কাজ চালানোর জন্য অভিনয় করি।










