বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আইয়ের পর্দায় আসছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে প্রথম ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘দুর্বার-সমরে শান্তিতে’। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের আস্থার শেষ আশ্রয়স্থল বাংলাদেশ সেনাবাহিনী। তাদের অদম্য সাহস, ত্যাগ ও গৌরবের ইতিহাস এবার উঠে আসছে টেলিভিশনের পর্দায় এবং ডিজিটাল মাধ্যমে। নির্মাতা খাইরুল ইসলাম তুফানের পরিচালনায় নির্মিত বিশেষ ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘দুর্বার-সমরে শান্তিতে’ আজ থেকে সম্প্রচার হতে যাচ্ছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং শীর্ষস্থানীয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল আইতে। নির্মাতা তুফান নিপুণ মুনশিয়ানায় তুলে ধরেছেন সেনাবাহিনীর দেশে-বিদেশে বিস্তৃত কার্যক্রমের অজানা গল্প। এতে উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর জন্ম ও বীরত্বগাথা, পাহাড় এবং সমতলে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় তাদের নিরলস ভূমিকা; জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও বিশ্বজয়ের গল্প; দুর্যোগ মোকাবেলায় মানবিক সহায়তার চিত্র এবং বাহিনীর আধুনিকায়ন। দুর্বার নিয়ে নির্মাতা খাইরুল ইসলাম তুফান বলেন, ‘সেনাবাহিনীর ইউনিফর্মের আড়ালে যে মানবিক ও দেশপ্রেমিক হৃদয়টি স্পন্দিত হয়, দুর্বার-সমরে শান্তির মাধ্যমে আমরা সে হৃৎস্পন্দনটিকেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি।’
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র
বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আইয়ের পর্দায় আসছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে প্রথম ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘দুর্বার-সমরে শান্তিতে’।










