একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ তিন শিল্পীকে নিয়ে নির্মিত হয়েছে ‘দাদি ভয়ংকর’ শিরোনামের একটি নাটক। এটি রচনা ও পরিচালনায় রয়েছেন রাহাত কবির। গতকাল শেষ হয়েছে নাটকের শুটিং।
এর আগে আবুল হায়াতের পরিচালনায় ‘শেষ পত্র’ নাটকে দিলারা জামান ও ডলি জহুর একসঙ্গে অভিনয় করেছিলেন। তবে সে নাটকে অভিনয়শিল্পী হিসেবে ছিলেন না আবুল হায়াত, ছিলেন কেবল পরিচালকের আসনে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনজনের একই নাটকে একসঙ্গে অভিনয়ের সুযোগ আর হয়ে ওঠেনি। অবশেষে দাদি ভয়ংকরের মধ্য দিয়ে সে অপেক্ষার অবসান হলো।
নাটকে দিলারা জামান ‘দিলরুবা’, আবুল হায়াত ‘রাইসুল’ ও ডলি জহুর ‘মর্জিনা’ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্বচরিত্রে আরো রয়েছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী।
ইন্টারনেটের ইতিবাচক ও নেতিবাচক দুই দিক নিয়েই নাটকের গল্প আবর্তিত হয়েছে বলে জানান পরিচালক রাহাত কবির। তিনি বলেন, ‘ইন্টারনেটের ভালো দিকটা কীভাবে কাজে লাগানো যায়, সেটাই মূলত অনুপ্রেরণা হিসেবে তুলে ধরা হয়েছে নাটকে। তিনজন কিংবদন্তি শিল্পীর সময় মেলানো সহজ ছিল না, তবু তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। নাটকটি আমার জীবনের মাইলফলক হয়ে থাকবে।’
নাটকে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘সিনিয়র শিল্পীদের একত্র করে নাটক নির্মাণ করা সত্যিই কঠিন কাজ। রাহাত কবিরকে ধন্যবাদ এমন উদ্যোগ নেয়ার জন্য।’"
একসঙ্গে কাজ করতে গিয়ে বারবার শেষ পত্রর দিনগুলোর কথা মনে করে ডলি জহুর বলেন, ‘দিলারা আপা আর হায়াত ভাইয়ের সঙ্গে এক নাটকে কাজ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শেষ পত্রর সেই দলের শর্মিলী আপা আজ আমাদের মাঝে নেই, সে কথা বারবার মনে পড়ছিল।’"
নাটকটি শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।










