হেলেন কেলারের জন্মবার্ষিকী স্মরণে আবারো দেশের মঞ্চে আসছে নাটকটি। হেলেন কেলারের জন্মদিন ২৭ জুন। এ বছর তার ১৪৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২৮ জুন মঞ্চায়ন হবে নাটকের। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে বিশেষ প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।

নাটকটি হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক। এটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। একক অভিনয় করছেন জুয়েনা শবনম। নাটকটির মঞ্চ-আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ এবং প্রযোজনা ব্যবস্থাপনায় রয়েছেন শাখাওয়াত শ্যামল।

দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছিলেন হেলেন কেলার। কিন্তু তা সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান সুলিভানের প্রেরণায় হেলেন নিজেকে সমৃদ্ধ করেন। এ ঘটনা নিয়েই স্বপ্নদলের হেলেন কেলার। নাটকে তার শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্য রয়েছে। সেই সঙ্গে প্রকাশ হয় চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি, আইনস্টাইন প্রমুখ বিশ্বখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনসমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত স্বরূপ। উঠে আসে নারীজাগরণ ও মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি উচ্চকিত হয় ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গও। অজস্র প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে প্রকাশিত ও বিকশিত হয়ে মানবকল্যাণে নিবেদিত হতে পারাটাই হয়তো জীবনের চূড়ান্ত সার্থকতা! বিরূপ পরিস্থিতিতেও মানুষের কর্তব্য যে হতে পারে কতখানি মহান, এসব উচ্চাঙ্গের অনুভবই শেষাবধি প্রধান হয়ে ওঠে হেলেন কেলারের জীবনীনির্ভর এবং গবেষণাগার পদ্ধতিতে নির্মিত ঐতিহ্যের ধারায় আধুনিক বাংলা নাট্যরীতির এ প্রযোজনায়।

দেশে নিয়মিত সফল মঞ্চায়নের পাশাপাশি হেলেন কেলার দেশের বাইরেও মঞ্চস্থ হয়েছে। অস্ট্রেলিয়ার নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের আমন্ত্রণে সাম্প্রতিক প্রদর্শনী ছাড়াও জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এবং ভারতের চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি দেশের সীমা ছাড়িয়ে এরই মধ্যে ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে দর্শকনন্দিত সম্প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্মরণীয় গ্রহণীয়তা পেয়েছে।