এনটিভিতে শুরু হয়েছে ফারিয়া শাহরিন অভিনীত এবং তুহিন হোসেন পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘চিরকুমার’। গতকাল এ ধারাবাহিকের প্রথম পর্ব প্রচারিত হয়েছে। এতে এক রহস্যময়ীর চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। এ সম্পর্কে তথ্য দিয়েছেন ফারিয়া নিজেই। 

প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভির পর্দায় প্রচার হবে ধারাবাহিকটি। এটি রচনা করেছেন গোলাম রব্বানী।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন, ‘ধারাবাহিকটিতে আমি একজন রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করেছি। দর্শক আসলে বুঝতে পারবে না আমি কেন কী করছি। কিন্তু নাটকের শেষে এসে বুঝতে পারবে। আমি এখনই কিছু বলতে চাচ্ছি না। দর্শক নাটকটা দেখুক, আমার বিশ্বাস ভালো লাগবে। আর তুহিন হোসেনের নির্দেশনায় এর আগে আমি দুটি নাটকে অভিনয় করেছি। তার নির্দেশনায় ধারাবাহিক নাটকে এবারই প্রথম অভিনয়। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। যে কারণে অনেক দিন পর নতুন কোনো ধারাবাহিক নাটকে আবার আসা।’ 

তুহিন হোসেন পরিচালিত চিরকুমার নাটকে বিভিন্ন চরিত্রে দেখা যাবে পরিচিত ও জনপ্রিয় অনেক অভিনেতা-অভিনেত্রীকে। নাটকটিতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, আরশ খান, ফরহাদ লিমনসহ আরো অনেকে। চিরকুমার নিয়ে পরিচালক তুহিন হোসেনও আশাবাদী। তিনি মনে করেন দর্শক নাটকটি পছন্দ করবে। এ প্রসঙ্গে তুহিন বলেন, ‘একটা সময় মানুষ একা নিজের মতো থাকতে চাইলেও সামাজিক ও অন্যান্য কারণে তা হয়ে ওঠে না। নাটকটিতে এ বিষয়ই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে ফারিয়াসহ যারা অভিনয় করেছেন, প্রত্যেকেই যার যার চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। নির্মাতা হিসেবে আমি তৃপ্ত।’