সংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি। প্রথমবারের মতো গ্র্যামির সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম। বার্কলে ইন্ডিয়ান অনসম্বলের অ্যালবাম শুরুয়াত গ্র্যামির বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। অ্যালবাম শুরুয়াতের ‘‌জাগো পিয়া’ গানটির সঙ্গে যুক্ত বাংলাদেশের শিল্পী আরমীন মুসা ও নাশিদ কামাল। এ গানের বাংলা অংশটির গীতিকার আরমীন মুসার মা ড. নাশিদ কামাল। গানে কণ্ঠ দিয়েছিলেন আরমীন মুসা।

শুরুয়াত অ্যালবামের জাগো পিয়া গানটির সংগীতায়োজন মূলত বার্কলে ইন্ডিয়ান অনসম্বলের করা। বার্কলে মূলত অরিজিনাল গানের একটি সিরিজ করেছিল, যার প্রথম গানটিই ছিল এটি। এ গানে আরমীন মুসার সঙ্গে ছিলেন বার্কলের আরো অনেক ছাত্রছাত্রী। বার্কলে ইন্ডিয়ান অনসম্বলে যুক্ত হওয়া প্রথম বাংলাদেশী শিক্ষার্থী আরমীন মুসা। জাগো পিয়া গানটি ১৪২৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ মুক্তি দেয়া হয়েছিল।

কণ্ঠশিল্পী ড. নাশিদ কামাল লোকসংগীতের কিংবদন্তি আব্বাসউদ্দীনের জ্যেষ্ঠ নাতনি। তিনি নজরুল গবেষক হিসেবেও সুপরিচিত। তিনি নজরুল একাডেমি থেকে নজরুল পুরস্কার ও নজরুল ইনস্টিটিউট থেকে নজরুল পদক লাভ করেছেন। সংগীতশিল্পী হিসেবে আরমীন মুসাও বাংলাদেশে জনপ্রিয়। তার গাওয়া রাধারমণের বিখ্যাত গান ‘‌ভ্রমর কইয়ো গিয়া’র রিমেক তুমুল জনপ্রিয় হয়। জাগো পিয়ায় সুরও দিয়েছেন তিনি।

গ্র্যামিতে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের জন্য মনোনীত হয়েছেন নাইজেরিয়ান শিল্পী বার্না বয়, ইব্রাহিম মা’লোফ, আনুস্কা শঙ্কর ও মাশা তাকুমির মতো শিল্পীরা। অন্যদিকে শুরুয়াতে আরমিন মুসার সঙ্গে আছে জাকির হোসেন, শঙ্কর মহাদেব, শ্রেয়া ঘোষালের সংগীত। লাভ দামিনী, কুইন অব শেবা, বিটুইন আস ও শাকুরার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে শুরুয়াত। লস অ্যাঞ্জেলেসে ৬৫তম গ্র্যামি অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি।