এইচবিও জানিয়েছে, নতুন এ সিরিজের প্রথম সিজন মুক্তি পাবে আগামী বড়দিনে, যা বিশ্বজুড়ে ভক্তদের জন্য এক বড় উপহার হতে যাচ্ছে।

ট্রেলারের শুরুতে দেখা যায়, হ্যারি ডার্সলি পরিবারের বাড়ির সিঁড়ির নিচে ছোট একটি ঘরে বসবাস করছে। চাচাতো ভাই ডাডলি ডার্সলির নির্যাতন আর খালা পেটুনিয়া ডার্সলির অবহেলার মধ্যেই বড় হতে থাকে সে। তবে সবকিছু বদলে যায় যখন তার কাছে পৌঁছে যায় হগওয়ার্টস স্কুলের ভর্তি চিঠি। এরপর রুবিউস হ্যাগ্রিড তাকে জাদুর জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং তার বাবা-মা সম্পর্কে জানায়।

হগওয়ার্টস এক্সপ্রেসে যাত্রার সময় হ্যারির সঙ্গে পরিচয় হয় রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারা একসঙ্গে হগওয়ার্টসের রহস্যময় জগৎ অন্বেষণ শুরু করে। ট্রেলারে দেখা যায় অ্যালবাস ডাম্বলডোর, সেভেরাস স্নেইপ ও ড্রাকো ম্যালফয়সহ পরিচিত অনেক চরিত্রের ঝলক।

44

এ সিরিজে হ্যারির চরিত্রে অভিনয় করেছেন ডমিনিক ম্যাকলাফলিন। তার সঙ্গে রয়েছেন অ্যালাস্টেয়ার স্টাউট (রন) ও অ্যারাবেলা স্ট্যানটন (হারমায়োনি)। তারা একসঙ্গে জাদুবিদ্যার পাঠ নেয়ার পাশাপাশি ভয়ংকর লর্ড ভলডেমর্টের হুমকির মুখোমুখি হবে।

ব্রিটিশ লেখিকা জেকে রাউলিংয়ের বিখ্যাত উপন্যাস সিরিজ অবলম্বনে নির্মিত এ প্রকল্প। নতুন সিরিজ রাউলিংয়ের উপন্যাসগুলোকে বিশ্বস্তভাবে পুনঃকথনের লক্ষ্য নিয়ে নির্মাণ হয়েছে, যেখানে সাত পর্বের কাহিনীর প্রতিটি বইকে আলাদা একটি সিজনে রূপ দেয়া হবে।

নির্মাতাদের মতে, আগের চলচ্চিত্রগুলোর তুলনায় নতুন সিরিজে আরো বিস্তারিত ও বিশ্বস্তভাবে গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সব মিলিয়ে নতুন সিরিজটি পুরনো ভক্তদের নস্টালজিয়া ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মকেও জাদুর দুনিয়ায় আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: ভ্যারাইটি