মোস্তফা কামাল রাজ প্রযোজিত ধারাবাহিক ‘দেনা পাওনা’। নাটকটি দারুণ সাফল্য পায়। এতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া। কে এম সোহাগ রানা পরিচালিত এ ধারাবাহিকে নাটক ‘দেনা পাওনা’য় খাইরুল ও নিপা চরিত্রে তাদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। এ জুটিকে নিয়ে আবার কাজ করছেন রাজ। তাদের নিয়ে আসছেন একটি সীমিত পর্বের ধারাবাহিক ‘চেনা অচেনা’য়।

নাটকে রাতুল চরিত্রে অ্যালেন শুভ্র ও আয়রা চরিত্রে অভিনয় করবেন তাবাসসুম ছোঁয়া। গল্পে দেখা যাবে, আয়রার প্রেমিক থাকে আমেরিকায়, কিন্তু হঠাৎ করেই মাত্র সাতদিনের মধ্যে বিয়ে করতে বলেন দাদি। এমন পরিস্থিতিতে কোনো উপায় না পেয়ে আয়রা এক দুঃসাহসী সিদ্ধান্ত নেয়। সে রাস্তার ভিখারি রাতুলকে টাকা দিয়ে নিজের স্বামী সাজিয়ে বাড়িতে নিয়ে আসে এবং দাদির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সরল-সোজা রাতুলকে দাদির ভালো লেগে যায়। ধীরে ধীরে সে পরিবারের একজন হয়ে উঠতে থাকে।

গল্পে সম্পর্কের টানাপড়েন, সামাজিক বাস্তবতা এবং অপ্রত্যাশিত ভালোবাসা একসঙ্গে জড়িয়ে যায়। একদিকে সামাজিক মর্যাদা আর স্বার্থের লড়াই, অন্যদিকে মিথ্যা থেকে জন্ম নেয়া অদ্ভুত এক সম্পর্ক। শেষ পর্যন্ত কী আয়রা সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে? এর উত্তর মিলতে থাকবে সিরিজের একেকটি পর্বে।

নতুন ধারাবাহিক পরিচালনা করেছেন রাজের অন্যতম সহকারী ওমর ফারুক। তিনি বলেন, জীবনে অনেক সময় পরিস্থিতি মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা সে আগে কখনো ভাবেনি। মিনি সিরিজটিতে আমরা সেটাই দেখাতে চেয়েছি। একইসঙ্গে পরিবার ও ব্যক্তিগত পছন্দের মধ্যকার দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করেছি।

‘চেনা অচেনা’য় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, ডা. এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, এবি রোকন, তানজিম হাসান অনিক। গতকাল প্রচার হয়েছে ধারাবাহিকের প্রথম পর্বটি। প্রতি মঙ্গল ও বুধবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট প্রকাশ হবে নতুন পর্ব।