দশম সিনেমাটি নির্মাণের পর বড়পর্দার ক্যারিয়ারে ইতি টানবেন কোয়েন্টিন টারান্টিনো।
এ কথা সবারই জানা। এর মধ্যে নবম সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ মুক্তি পেয়েছে।
তাই সবাই প্রহর গুণছেন শেষ সিনেমাটির। তখনই প্ল্যাটফর্ম বদলের খবর এল।
ইন্ডি ওয়ারের প্রতিবেদনে জানা যায়, শেষ সিনেমার পাশাপাশি টিভি শো’র দিকে
নজর দিয়েছেন অস্কারজয়ী ‘পাল্প ফিকশন’-এর নির্মাতা।
সম্প্রতি ‘সিনেমা স্পেকুলেশন’ বই নিয়ে নিউইয়র্ক সফরে যান টারান্টিনো। সেখানে
এলভিস মিচেলের সঙ্গে আলোচনার সূত্র ধরে প্রসঙ্গটি এল। বলা হচ্ছে, ২০২৩ সালের শুরুতে
নেটফ্লিক্সে মুক্তি পাবে আট পর্বের সিরিজটি। তবে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি নির্মাতা।
নেটফ্লিক্সের সঙ্গে টারান্টিনোর সখ্য নতুন কোনো ঘটনা নয়। এর আগে তার ২০১৫
সালের সিনেমা ‘দ্য হেইটফুল এইট’ সিরিজ হিসেবে মুক্তি দেয় প্ল্যাটফর্মটি। অবশ্য টেলিভিশনে
টারান্টিনোর নাম আগেও দেখা গিয়েছে। রবার্ট রদ্রিগেজের ‘ফ্রম ডাস্ক টিল ডন: দ্য সিরিজ’সহ
বেশ কিছু সিরিজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, এমনকি অভিনয়ও করেছেন।
২০২০ সালে টারান্টিনো ঘোষণা দেন তার শেষ সিনেমাটি আরো বেশি ধূসর হবে। এ
ছাড়া এমনটাও জানান, স্ট্রিমিং প্ল্যাটফর্ম কখনো সিনেমার চূড়ান্ত গন্তব্য পারে না। অর্থাৎ
সিনেমা ও ওয়েব সিরিজের নিয়তিকে আলাদা করে দেখছেন তিনি। এখন দেখার বিষয় এই মাধ্যমে কী
চমক নিয়ে হাজির হন কোয়েন্টিন টারান্টিনো।










