অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিত শানারেই দেবী শানু। বেশ কয়েক বছর ধরে ফেব্রুয়ারি মাসটাই যেন হয়ে উঠেছিল শানুর কাছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো লাগার মাস। কারণ এ বইমেলার মাসে হয় তার কবিতার বই প্রকাশ পেত নতুবা কোনো গল্পের বই প্রকাশ পেত। কিন্তু এবার বইমেলা না হওয়ায় তার কোনো বই প্রকাশ পেল না। তবে অভিনয়ে তিনি নিয়মিত এবং প্রশংসাও পাচ্ছেন। বিশেষত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পরম্পরা’তে লুবনা চরিত্রে অনবদ্য অভিনয় করে ভীষণ প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

বইমেলা নিয়ে শানারেই দেবী শানু বলেন, ‘সত্যিই মনটা ভীষণ খারাপ। এ খারাপ লাগাটুকু শুধু তারাই বুঝবেন যারা বছরজুড়ে ফেব্রুয়ারি মাসটার জন্য ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করেন, হোক তিনি লেখক কিংবা পাঠক। আমি নিজেও একজন লেখক এবং পাঠকও বটে। তাই লেখক হিসেবে আমার মনটা যতটুকু খারাপ, পাঠক হিসেবে যেন আরো বেশি খারাপ। যা-ই হোক, সবকিছু একসময় স্বাভাবিক হবে এটাই চাওয়া, এছাড়া তো আর কিছু বলার নেই।’

তবে পরম্পরা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নাটকটি পরিচালনা করছেন আশীষ রায়। নাটকে শানু ছাড়া আরো অভিনয় করছেন ডলি জহুর, মিলি বাশার, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকারসহ আরো অনেকে।

পরম্পরা নিয়ে শানু বলেন, ‘লুবনা চরিত্রটি এরই মধ্যে ৩০টি পর্ব প্রচারের পর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক দর্শকের কাছ থেকেই এ চরিত্রে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও পরম্পরা নাটকে অভিনয়ের জন্য সাড়া পাচ্ছি। আশা করছি, নাটকটির আগামীতে আরো দর্শকপ্রিয়তা বাড়বে। কারণ গল্প সামনে আরো জমে উঠবে। নাটকটির মূল গল্প দাদি, বউমা ও নাতি—এ তিন প্রজন্মকে নিয়ে। আমার সঙ্গে গল্পে দেখা যাবে শাশুড়ির সঙ্গে স্নায়ুযুদ্ধ চলে।’

এদিকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাহবুব জামিলের সঙ্গে শানুর বিয়ে হয়। শানু বলেন, ‘তিনি মূলত একজন কবি। লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে। আমরা দুজনই শব্দের মানুষ। আমাদের ভাবনাটা মিলে যায়। আজব কারখানায় এসেই আমাদের দুজনের পরিচয়।’

বিটিভিতে শানু অভিনীত সোহেল আরমান পরিচালিত ‘জল জোছনা’ নাটকটিও প্রচারিত হচ্ছে। শানু ২০০৫ সালে ‘লাক্স চ্যানেল আই’ প্রতিযোগিতার মুকুট বিজয়ী। ঈশিতার নির্দেশনায় তিনি প্রথম ‘নিঝুম অরণ্য’ নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম সিনেমা খিজির হায়াত খান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’।