বলিউড সুপারস্টার শাহরুখ খানের নায়কোচিত ফিগার নিয়ে সারাবিশ্বে চর্চার শেষ নেই। তবে ছেলেকে এই অবতারে দেখলে উদ্বিগ্ন হতেন তার প্রয়াত মা।

সম্প্রতি শারজাহ ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে সম্মাননা নিতে গিয়েছিলেন বলিউড কিং। সেখানে সঞ্চালক জানতে চান, শাহরুখের আজকের যশ-খ্যাতি যদি বাবা-মা দেখে যেতে পারতেন, তাহলে তাদের অনভূতি কেমন হতো।

বরাবরের মতোই মজা করে উত্তর দিলেন রসিক শাহরুখ। বললেন, আমার আজকের এই হাড়-জিরজিরে শরীর দেখলে মা আঁতকে উঠতেন। তিনি হয়তো বলতেন, তুমি খুব শুকিয়ে গিয়েছো, গায়ে একটু মাংস লাগাও। তোমার মুখ কেমন হয়ে গিয়েছে! গাল তো মুখের ভেতরে চলে গিয়েছে, আরেকটু খাওয়া-দাওয়া করো।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তারকার এ জবাবে হেসে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।

আরেক প্রশ্নের জবাবে শাহরুখ জানান, মা-বাবা বেঁচে থাকলে অন্তত একটি বিষয়ে তাকে নিয়ে গর্বিত হতেন। আর সেটি হলো সন্তানদের তিনি যেভাবে মানুষ করছেন।

অভিনেতা বলেন, যেভাবে তিন সন্তানকে লালন-পালন করছি, আমার বিশ্বাস বাবা-মা বেঁচে থাকলে তারা বেশ খুশি হতেন। একে আমার জীবনের একটি অর্জনই বলব।

শাহরুখ ও গৌরি দম্পতির তিন সন্তান। বড় ছেলে আরিয়ান খান সম্প্রতি মাদক মামলায় অভিযুক্ত হয়ে বলিউডে বেশ হইচই তুলেছেন। পরে অবশ্য তাকে নির্দোষ বলেছে আদালত। এরপর আছেন মেয়ে সুহানা খান, শিগগিরই সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। আর ছোট ছেলে আব্রাম বলিউডের অন্যতম জনপ্রিয় স্টারকিড।

চার বছর বিরতি দিয়ে শিগগিরই বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। আগামী বছর তাকে দেখা যাবে পাঠান, জাওয়ান ও ডাংকি ছবিতে। এ ছাড়া সালমান খানের ‘টাইগার থ্রি’ ছবিতে ক্যামিও করবেন।