ভারতের অভিনেতা রাজপাল যাদব। কৌতুক অভিনেতা হিসেবেই পরিচিত তিনি। সম্প্রতি জড়িয়েছেন চেক বাউন্স মামলায়। সেই জেরে দিল্লির তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি। এরপরই তাকে পাঠানো হয়েছে জেলহাজতে।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে রাজপাল যাদবকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছিল। এর আগে তিনি দিল্লি হাইকোর্টে বকেয়া অর্থ পরিশোধের জন্য আরো কিছুটা সময় চেয়ে আবেদন করেন। তার আইনজীবীর মাধ্যমে জানানো হয়, এরই মধ্যে ৫০ লাখ টাকা জোগাড় করা হয়েছে এবং অবশিষ্ট অর্থ সংগ্রহে আরো এক সপ্তাহ সময় প্রয়োজন। তবে হাইকোর্ট সে আবেদন গ্রহণ করেনি।

এ মামলায় আগেও একাধিকবার অর্থ পরিশোধের সুযোগ পেয়েছিলেন অভিনেতা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা শোধ না করায় আইনি জটিলতা বেড়েছে। ইন্ডাস্ট্রির নানা সূত্র জানিয়েছে, রাজপাল যাদবের মোট ঋণের পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। বিপুল অঙ্কের দায় কীভাবে মেটানো হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

আদালতের সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে ৭৫ লাখ টাকার দুটি ডিমান্ড ড্রাফট জমা দেয়া হলেও বাকি ৯ কোটি টাকা এখনও পরিশোধ করা হয়নি। ২০১০ সালে দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন রাজপাল যাদব। সেই অর্থে নির্মিত ‘আতা পাতা লাপতা’ ছবিটি ২০১২ সালে মুক্তি পেলেও ঋণ পরিশোধ না হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ী আদালতের দ্বারস্থ হন।

সূত্র: এবিপি আনন্দ