সামাজিক
যোগাযোগমাধ্যমকে
বলা যায় দুইধারি তলোয়ার। এর অ্যালগোরিদমটাই এমন যে কারো পক্ষে সেটা উপেক্ষা করা কঠিন। আবার দীর্ঘ সময় এ মাধ্যমে কাটালে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার ঝুঁকিও বেশি। বলা যায়, আসক্তি তৈরি করলেও একই সঙ্গে এ মাধ্যম বিষাক্ত।
ঠিক
এমন কারণই দেখিয়েছিলেন, স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার পরিচালক করণ জোহর। মাত্র কদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিদায় নিয়েছেন তিনি। ইতিবাচক জীবনের জন্য ২০ লাখ ফলোয়ারের টুইটার থেকে নিজেকে গুটিয়ে নেন এক নিমেষেই। ডিজিটাল ডিটক্স গ্রহণের এ পথে করণ একা নন। আরো অনেকেই মুক্তি নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। সারা বিশ্বের অনেক তারকাই এখন নিজেদের মানসিক অবস্থাকে গুরুত্ব দিচ্ছেন সবচেয়ে বেশি। তাই তারা বছরের পর বছর ট্রলের নামে ধেয়ে আসা নেতিবাচকতা থেকে বাঁচতে নিচ্ছেন এমন সিদ্ধান্ত।
একই চিত্র দেখা যায় ২০১৮ সালে, সে সময়ে ট্রলের কারণে হতাশ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়ার ঘোষণা দেন হিনা খান। পরবর্তী সময়ে ২০২০ সালে সোনাক্ষী সিনহা তার টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেন অনলাইনে ছড়িয়ে পড়া ঘৃণা ও ট্রল থেকে নিজেকে রক্ষার্থে। একই সময়ে আরেক ভারতীয় অভিনেতা সাকিব সালিমও তার মাইক্রোব্লগিং সাইট ছেড়ে যান, ঘৃণা ছড়িয়ে দেয়াকেই কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেদের সরিয়ে নেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও তার অভিনেত্রী স্ত্রী মেগান মার্কেলও। তাদের ক্ষেত্রেও কারণ ছিল অনেকটা একই।
অনলাইনে
যে পরিমাণ নেতিবাচকতার মুখে পড়েছেন মেগান ও হ্যারি, তাতে নাকি তাদের মোহভঙ্গ হয়ে গিয়েছে। প্রসঙ্গ চলে আসে আরেক বলিউড অভিনেতা আয়ুশ শর্মারও। তিনিও এসব নোংরা মানসিকতার মুখে পড়তে চাননি মোটেও। তাই লিখেছেন-২৮০টি শব্দ একজন মানুষকে বিবেচনা করার জন্য খুবই কম। কিন্তু এই ২৮০ শব্দই ভুয়া খবর, ঘৃণা ও নেতিবাচকতা ছড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট থেকেও বেশি। এসব মিলিয়েই পরিচালক শশাঙ্ক খৈতান টুইটারকে ব্যাখ্যা করেছেন ঘৃণা ও নেতিবাচকতা ছড়ানোর রক্তাক্ত প্রান্তর হিসেবে।
এছাড়া
একই পথ বেছে নিয়েছেন মিলি ববি ব্রাউন, মাইলি সাইরাস, পিট ডেভিডসন ও আরো অনেকে। নেতিবাচকতা সইতে না পেরে তারা কেউ কেউ চিরতরে, আর কেউ কেউ সাময়িকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। এভাবেই তারকারা নানা সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নিচ্ছেন নিজেকে। তাদের বিশ্বাস, একটি টুইট বা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের তুলনায় মানসিক শান্তি খুব বেশি জরুরি। তারা এও উপলব্ধি করছেন যে তাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম জরুরি নয়, আদতে এক অর্থে সেটা সত্যিও। কিন্তু কথায় বলে না, যে গাছে ফল হয়, সেখানেই ঢিল পড়ে। তারকাদের অবস্থাও হয়ে পড়ে তেমনই। স্বরা ভাস্কর মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যম এমন একটি জায়গা, যেখানে সহজে কাউকে হয়রানি করা যায় কোনো দায় ছাড়াই। তাই সামিরা রেড্ডির মতে, একে বাস্তবসম্মত রাখাই ভালো। যখন আমার কিছুই লুকানো নেই, তখন আমার কোনো ভয়ও নেই।
তারকাদের ইমেজ নিয়ে কাজ করা আনুশা আয়ার তার ক্লায়েন্টদের এ মাধ্যমকে একটি প্রসারিত হাত হিসেবে বিবেচনা করার পরামর্শ দেন, পরিচয় নয়। সেজন্য সেটা খোলা ও বন্ধ করা শিখতে হবে। এ জায়গায়ই মূলত আহত না হওয়ার গোপন রহস্যটা অবস্থান করে।
তবে
তারকাদের কেউ কেউ এ পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে উপেক্ষা আর ব্লকের দ্বারস্থ হচ্ছেন। যেমন স্বরার কথাই ধরুন, এসব প্রতিরোধে তিনি নিজের মুডের ওপর নির্ভর করেন। কাউকে ব্লক, কাউকে ইগনোর করে, আবার কখনো কমেন্ট করার সুযোগ সীমিত করে দেন। অন্যদিকে কেউ কেউ ব্যবহার করেন গোপন প্রোফাইল। কিছু তারকা রয়েছেন, যারা নিজেদের ব্যক্তিগত জীবন সামাজিক যোগাযোগমাধ্যমে আনতে চান না। কিন্তু ইন্টারনেট দুনিয়ায় কী ঘটছে, সেটা না জানতে পারার ভয়ে ভোগেন। তাই তারা গোপন বা ফেক প্রোফাইল খোলেন, যেটা কেউ জানে না। আবার অনেকেই মনে করেন, তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে দেয়ার এ ধারাগুলো পাবলিসিটি স্টান্ট। তবে তাতে একমত নন মনোবিজ্ঞান নিয়ে কর্মরত হরিশ শেঠি। তার মতে, মনে হয় না বিষয়টা সে রকম। তারা সত্যিই এভাবে ভিন্নমত বা প্রতিবাদ প্রকাশ করেন। কেউ যদি জনপ্রিয়তা পেতেই চায়, তাহলে সে আরো সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হবে।
অনুশা
আয়ার বলেন, বলিউড এখন জীবনের থেকেও বড়। তাই কেউ কেউ এ নাটকীয়তাকে একেবারে ঘরে তোলার চেষ্টা করেন। একসময় সেটা আর রাখতে না চাইলে সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে দেয়ার ভান করতে পারেন, হয়তো পরে আবার জনদাবির মুখে তিনি ফিরে আসেন।
টাইমস
অব ইন্ডিয়া অবলম্বনে
শর্মিলা সিনড্রেলা










