রায়হান রাফী পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘দামাল’ মুক্তির পর দর্শকমহলে সাড়া ফেলেছিল। দেশের বাইরেও মুক্তি পায় সিনেমাটি। নভেম্বরের মাঝামাঝিতে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় যুক্তরাষ্ট্রে ১৫টি শহরে মুক্তি পায় দামাল। বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত এ সিনেমা। মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে এ সিনেমা। দলটি খেলার অর্থ সংগ্রহ করে তুলে দিয়েছিল মুক্তিবাহিনীর হাতে। ফরিদুর রেজা সাগরের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। যুক্তরাষ্ট্রে সিনেমাটি পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস।

গতকাল টেক্সাস, ফ্লোরিডা, ওহিও, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, মিশিগান, কানসাস, অ্যারিজোনা, নেভাদা, কলোরাডো, ওকালহোমা, লুজিয়ানা, ম্যাসাচুয়েটস অঙ্গরাজ্যের ২৫টি শহরে সিনেমাটি মুক্তি দিয়েছেন বলে জানালেন বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ। তিনি বলেন, ‘গত ১৮ নভেম্বর নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে দামাল সিনেমার প্রিমিয়ার হয়। সেখানে সিনেমাটি দেখে উচ্ছ্বসিত দর্শকরা। বিজয়ের মাসে এ সিনেমা দ্বিতীয় ধাপে মুক্তি দিতে পেরে অন্য রকম ভালো লাগা কাজ করছে। এরই মধ্যে হলগুলোয় অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আশা করছি এটি যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করবে।’

৯ ডিসেম্বর তৃতীয় ধাপে ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, বাল্টিমোর, নিউ জার্সি, লং বিচ, পোর্টল্যান্ড, আটলান্টা, শিকাগো, ইন্ডিয়াপোলিস, বার্মিংহাম, টাম্পাসহ ৩৪টি শহরে সিনেমাটি মুক্তি দেয়া হবে।

আগামী দুই সপ্তাহে ৫৯টি হলে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালি দর্শকরা এটি উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন, বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ। গত ২৮ অক্টোবর একযোগে দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দামাল।