থালাপতি বিজয় ভারতের দক্ষিণী সিনেমার একজন জনপ্রিয় এবং প্রভাবশালী নায়ক। শুধু সিনেমাতেই নয়, রাজনীতিতেও তিনি সক্রিয়। সম্প্রতি এ তারকা ব্যক্তিজীবন ও রাজনীতির সঙ্গে জড়িত একাধিক বিষয় নিয়ে সংবাদ শিরোনাম হয়েছেন। নতুন এক আলোচনা ও বিতর্ক সামনে এনেছেন থালাপতির স্ত্রী। প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। চেঙ্গালপট্টু জেলা আদালতে করা বিবাহবিচ্ছেদের আবেদনে স্বামীর বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলেছেন সঙ্গীতা।
বিশেষ বিবাহ আইন, ১৯৫৪-এর সংশ্লিষ্ট ধারায় দাখিল করা আবেদনে বলা হয়েছে, তাদের বিয়ে প্রথমে ১৯৯৮ সালের ১০ জুলাই যুক্তরাজ্যে নিবন্ধিত হয়। পরে ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ের রাজা মুথিয়া মন্দ্রমে হিন্দু রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন হয়। আবেদনে সঙ্গীতা উল্লেখ করেন, দাম্পত্যের শুরুর বছরগুলো ছিল ‘সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল’ এবং তিনি সংসার ও সন্তানদের লালন-পালনে নিজেকে নিবেদিত রেখেছিলেন।
তবে ২০২১ সালের এপ্রিল মাসে তিনি জানতে পারেন যে বিজয় এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সঙ্গীতার ভাষায় ‘এটি গভীর মানসিক আঘাত ও দাম্পত্য বিশ্বাসভঙ্গের শামিল।’ যদিও বিজয় শুরুতে সম্পর্ক শেষ করার আশ্বাস দেন, কিন্তু স্ত্রীর অভিযোগ অনুযায়ী সেই সম্পর্ক অব্যাহত থাকে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়। একাধিক দফায় আলোচনার চেষ্টা হলেও সমঝোতা হয়নি।
আবেদনে বিবাহবিচ্ছেদের ডিক্রি, স্থায়ী ভরণপোষণ এবং বৈবাহিক বাসভবনে থাকার অধিকার চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে বিয়ের পর থেকে বিজয় ও সঙ্গীতা তুলনামূলকভাবে ব্যক্তিজীবন আড়ালেই রেখেছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি বিজয়ের রাজনৈতিক ব্যস্ততা ও জনসমক্ষে সঙ্গীতার অনুপস্থিতি ঘিরে গুঞ্জন শোনা গেলেও এবার সেটিই আনুষ্ঠানিক রূপ পেল।
সূত্র : ইন্ডিয়া এক্সপ্রেস










