শুরুতেই সম্ভাবনাময় নায়িকা হিসেবে অনেক নির্মাতার নজরে আসেন তিনি। এরপর ‘পোড়া মন ২’ সিনেমায় অভিনয় করে দর্শকের মন কেড়ে নেন পূজা। ‘দহন’ সিনেমায়ও তার অভিনয় প্রশংসিত হয়।

পরে শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমায় অভিনয় করে বেশ আলোচনায় ছিলেন এ নায়িকা। তবে এর পর থেকে ক্যারিয়ারে ছন্দে ফিরতে পারেননি পূজা। তিনি যে ক’টি সিনেমায় অভিনয় করেছেন, তার কোনোটিই বাণিজ্যিকভাবে সফল হয়নি।

২০২০ সালে মুক্তি পায় পূজা অভিনীত সিনেমা ‘হৃদিতা’। এরপর ২০২৩ সালে ‘জ্বীন’ এবং ২০২৪ সালে ‘লিপস্টিক’ ও ‘আগন্তুক’ মুক্তি পায়। সর্বশেষ গত বছর ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল ‘টগর’। এসব সিনেমার কোনোটিই উল্লেখযোগ্য সাফল্য পায়নি কিংবা তেমন আলোচনাও তৈরি করতে পারেনি।

তবে এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন পূজা চেরী। আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত এ সিনেমায় আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত দম মূলত একটি সারভাইভাল ড্রামা চলচ্চিত্র। এবারের ঈদের সিনেমাগুলোর মধ্যে নায়িকাদের দৌড়ে দম দিয়ে নজর কাড়তে পারেন পূজা চেরী, এমনটাই মনে করছেন অনেকে। কারণ এ সিনেমায় অভিনয়ের জন্য তাকে অডিশনের মধ্য দিয়ে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি এতে বেশকিছু অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। ফলে ঈদের সিনেমাগুলোর মধ্যে তার দিকেও আলাদা নজর থাকবে বলে ধারণা করা হচ্ছে।

পূজা চেরীর মতে, সিনেমাটি নির্মাণে পুরো দলকে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং পর্দায় সেটি দর্শক বুঝতেও পারবে। এমন ঘটনার ওপর নির্মিত সিনেমা বাংলাদেশের দর্শক আগে খুব বেশি দেখেনি।

অন্যদিকে সিনেমার মহরত অনুষ্ঠানে পূজা ইঙ্গিত দিয়েছিলেন, এ সিনেমার কাজ শেষ করতে পারলে হয়তো নিজেকে আরো পরিণত অভিনেত্রী হিসেবে ভাবতে পারবেন। এখন দেখার বিষয়, বড় পর্দায় নিজের চরিত্রের মধ্য দিয়ে তিনি কতটা দম দেখাতে পারেন।