এ প্রজন্মের অভিনয়শিল্পী ফররুখ আহমেদ রেহান। অভিনয়ে তার অভিষেক ২০২৪ সালে। ২০২৫ সালেও একাধিক ভালো গল্পের নাটকে কাজ করেছেন তিনি। এরই মধ্যে একটি সিনেমায়ও অভিনয় করেছেন। তবে সেটি নিয়ে আপাতত কিছু বলতে চান না। সিনেমার প্রচার বা মুক্তির সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে তার চমক দেখার জন্য।
গত ৩১ জানুয়ারি ইউটিউবে প্রকাশ পায় কোনাল ও নিলয়ের গাওয়া ‘ও জান’ গানটি। তানিম রহমান অংশুর নির্দেশনায় নির্মিত এ গানচিত্রে নায়কের মতো উপস্থাপন হয়েছেন রেহান। তার ফ্যাশন, স্টাইল ও অভিনয় দর্শকের নজর কাড়ছে। নেপালের মনোরম লোকেশন গানটির আবহে বাড়তি মাত্রা যোগ করেছে। এতে তার সহশিল্পী ছিলেন সুনেরাহ, যিনি বর্তমানে ‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয় করে আলোচনায় রয়েছেন। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির ও লিংকন।
রেহান বলেন, ‘ যখন যে কাজ করেছি, শতভাগ সততার সঙ্গে মন দিয়ে করার চেষ্টা করেছি। অংশু ভাই আমাকে যেভাবেই গাইড করেছেন, যে নির্দেশনা দিয়েছেন, তা মেনেই গানটিতে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছি। গানটি প্রকাশের পর দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি, আমি তাতে সত্যিই মুগ্ধ। ভীষণ অনুপ্রাণিত হলাম আগামী কাজগুলোর জন্য। যেহেতু এটা আমার প্রথম মিউজিক ভিডিও বা গানচিত্র, তাই কিছুটা দ্বিধা দ্বদ্ব থাকলেও পরিশেষে ফলাফলটা ভালো এসেছে। কাছের সব মানুষও ভীষণ অনুপ্রেরণা দিচ্ছে। সত্যি বলতে কি, গানের গীতিকার, সংগীতশিল্পী, সহশিল্পী, নির্মাতা সবাই যার যার কাজে এরই মধ্যে প্রমাণিত। তাদের সবার সমন্বয়ে এ কাজ শ্রোতা-দর্শকের ভালো না লাগার সুযোগ নেই। আমি পুরো টিমের প্রতি কৃতজ্ঞ।’










