এবারের ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পেয়েছে, যার একটি রোশান-পূজা চেরির ‘সাইকো’। অন্য দুটি হলো অনন্ত জলিল-বর্ষার ‘দিন: দ্য ডে’
ও মিম-রাজ-ইয়াশের ‘পরাণ’।
ঈদে মুক্তিপ্রাপ্ত তিন সিনেমা নিয়েই ব্যস্ত তারকারা। পরিচালককে নিয়ে মিম-রাজ-ইয়াশ ছুটছেন হলে হলে। ঈদের পর পরই তারা ছুটে গেছেন ময়মনসিংহ। ঢাকা ও ঢাকার বাইরের সিনেমা হলগুলোয় নিয়মিত দেখা যাচ্ছে দর্শকের সঙ্গে। পূজাও ব্যস্ত তার সাইকো নিয়ে। রোশানকে নিয়ে সিনেমা দেখতে গেছেন সুদূর বগুড়া। অনন্ত জলিল ও বর্ষা ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে যাচ্ছেন রোজ। গত কয়েক বছরের ঈদের তুলনায় এবার ঈদের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। ঈদে মুক্তি পাওয়া তিন ছবির মধ্যে পরাণের দর্শক সাড়া তুলনামূলক বেশি।
এবার পরাণ দেখতে আগ্রহ প্রকাশ করলেন প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। গতকাল ফেসবুকে আগ্রহের কথা জানিয়ে পোস্ট দেন। নিজের ভেরিফায়েড আইডিতে লেখেন, ‘পরাণ দেখতে চাই।’
সে পোস্টের কমেন্টে বিদ্যা সিনহা মিম লেখেন, ‘পরশু (বৃহস্পতিবার) চলো একসঙ্গে দেখব।’
মিমের কমেন্টের জবাবে ‘ডান ডান’
লেখেন পূজা। মিম তার জবাবে লেখেন, ‘তোমার সিনেমাও (সাইকো) দেখব এর মধ্যে।’
সিনেমা নিয়ে মিম-পূজার দারুণ এ কথোপকথনে যোগ দেন চলচ্চিত্রসংশ্লিষ্ট আরো কয়েকজন। বাংলা সিনেমার জনপ্রিয় কাহিনীকার আব্দুল্লাহ জহির বাবু লেখেন, ‘এটাই চলচ্চিত্রের মহিমা।’
জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার লেখেন, ‘পরশু আমরা অনেকেই পরাণ দেখব।’
দেশীয় সিনেমা, এক তারকার সিনেমা নিয়ে অন্য তারকার আগ্রহ বিরল বলা যায়। তারকা-দর্শকদের আগ্রহেই থেমে নেই পরাণ। নতুন রেকর্ডও গড়েছে। ঈদুল আজহায় মুক্তির প্রথম দিন থেকেই ঢাকার সিনেপ্লেক্সের সব শাখায় দাপটের সঙ্গে চলছে সিনেমাটি। শুরুতে তিনটি শো পেলেও মুক্তির এক সপ্তাহের মাথায় দৈনিক ২১টি করে শো পেয়ে ‘ভালো ব্যবসা করছে’
রায়হান রাফী পরিচালিত পরাণ। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন, দেশীয় সিনেমায় নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে ‘পরাণ’। তারা জানিয়েছে, ঈদের দিন থেকে বসুন্ধরা সিটিতে দুটি, সীমান্ত সম্ভারে একটি ও সনিতে একটি করে শো চলছিল পরাণের। কিন্তু কয়েক দিনের ব্যবধানে দর্শক চাহিদার কথা বিবেচনা করে পরাণের শো চারটি থেকে বাড়িয়ে করা হয় ১১টি।
গত সোমবার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, সব শাখা মিলিয়ে এখন থেকে দৈনিক ২১টি করে শো চলছে এ সিনেমার। নিকট অতীতে সিনেপ্লেক্সে বাংলা সিনেমা নিয়ে দর্শকের এমন আগ্রহ দেখা যায়নি বলে জানিয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক স্টার সিনেপ্লেক্সের এক কর্মকর্তা বলেন, স্টার সিনেপ্লেক্সে পরাণ ঈদের এক নম্বর ছবি সেটা বলার অপেক্ষা রাখে না। ফ্রিকোয়েন্টলি এ ছবির শো বাড়ছে। এর আগে দেবী ও আয়নাবাজি ছবির ক্ষেত্রে এমন হয়েছিল। শুধু সিনেপ্লেক্সে এভাবে যদি ভালো চলে তবে এখান থেকে ছবির বাজেট তুলে আনা সম্ভব। অতীতে এমন ঘটেছে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে সিনেপ্লেক্সের সব শাখায় পরাণের শো বাড়াচ্ছি। দুটি দিয়ে শুরু করে শুধু বসুন্ধরা সিটি শাখাতেই আটটি করে শো চলছে পরাণের। সপ্তাহ পার হতেই বাংলা ছবির এতগুলো শো এটা বিশাল ব্যাপার এবং সিনেপ্লেক্সের বাংলা ছবির ব্যবসায় অনেক রেকর্ড করতে পারে বলে আমরা আশা করতে পারি।’
সিনেপ্লেক্সে আরেক ছবি অনন্ত জলিলের দিন: দ্য ডের ছিল ১২টি শো। গত শুক্রবার থেকে তা কমিয়ে আটটি করা হয়েছে।
এদিকে চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিনের সঙ্গে আলাপ করলে তিনি জানান, কম হলে মুক্তি পেলেও লাইভ টেক প্রযোজিতপরাণ ছবি আগামী সপ্তাহ থেকে বেশি হলে চলবে। দর্শকের কাছে গল্প ভালো লাগলে সেই সিনেমা লুফে নেয়। মানুষ সাধারণ গল্পের ছবি দেখতে চায়। পরাণের গল্প ও নির্মাণ ভালো। তাই দর্শক বেশি পছন্দ করেছে। তিনি বলেন, দিন: দ্য ডে শতাধিক সিনেমা হলে মুক্তি পাওয়ায় বেশি মানুষের কাছে পৌঁছেছে এটাই স্বাভাবিক। সাইকো মোটামুটি চলেছে। তবে সিনেমা হিসেবে এক নম্বরে পরাণ। প্রথমে সিনেমাটি কম সিনেমা হলে মুক্তি পেলেও পরে কিন্তু বেড়েছে। সিনেপ্লেক্সেও ভালো যাচ্ছে। আসলে বাজেট বেশি হলেই যে সিনেমা ভালো হবে বিষয়টা এমন না তা প্রমাণ করেছে পরাণ।
২০১৯ সালে বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির উপস্থিতিতে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ড। রিফাতকে হত্যার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে জানা যায় নয়ন বন্ড মিন্নির প্রেমিক। ২০২০ সালে স্বামীকে খুন করানোর অপরাধে আয়শা সিদ্দিকা মিন্নিকে ফাঁসির আদেশ দেন আদালত। সে ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত চলচ্চিত্র পরাণ। যেখানে মিন্নির চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। স্বামীর চরিত্রে ইয়াশ রোহান এবং মিন্নির বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। মিম ও রাজের অভিনয় প্রশংসিত হয়েছে।










