প্রথমবারের মতো টেলিভিশন অনুষ্ঠানে নিজের অভিনয় ও ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরেছেন চিত্রা জহির। তার দীর্ঘ অভিনয়জীবন ও ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প নিয়ে এ আয়োজন।
চিত্রা জহিরের অভিনয়জীবনের শুরু কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। পরে এহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন।
এরপর একে একে অভিনয় করেন আজান, তোমার আমার, শাদী, রাজা এলো শহরে, বন্ধন ও গোধূলির প্রেমসহ বেশ কয়েকটি বাংলা ও উর্দু চলচ্চিত্রে। অভিনয়ের সূত্র ধরেই তার পরিচয় হয় প্রযোজক ও পরিচালক কাজী জহিরের সঙ্গে। পরে তাদের বিয়ে হয়।

পরবর্তীতে চিত্রা ফিল্মসের ব্যানারে তিনি নয়ন তারা, ময়না মতি, অবুঝ মন, চাষীর মেয়ে, বধূ বিদায় ও আমার স্বপ্নসহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেন।
এবারই প্রথম তিনি টেলিভিশনে এসে নিজের অভিনয়জীবন ও ব্যক্তিগত জীবনের নানা জানা-অজানা দিক নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানটির নাম ‘অনেক সাধের ময়না।’ এতে তার সঙ্গে কথা বলেছেন সাংবাদিক আবদুর রহমান।
অনুষ্ঠানটি আগামী ২৮ মার্চ বিকাল ৫টা ২০ মিনিটে চ্যানেল আইতে প্রচার করা হবে।









