বলিউডের জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। সোমবার (১৮ আগস্ট) ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ভারতের ঠানের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক জটিলতার কারণে তাকে ভর্তি করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। তার শেষকৃত্য মঙ্গলবার ঠানেতেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

চার দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল অচ্যুত পোতদারের অভিনয়জীবন। হিন্দি ও মারাঠি মিলিয়ে তিনি অভিনয় করেছেন প্রায় ১২৫টিরও বেশি ছবিতে। বাণিজ্যিক সিনেমা থেকে সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র— দুই ধারাতেই সমান দক্ষতায় কাজ করেছেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— আক্রোশ, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং মারাঠি সিনেমা ভেন্টিলেটর।

তবে দর্শকের কাছে তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত থ্রি ইডিয়টস ছবির অধ্যাপক চরিত্রে। বিশেষ করে তার সংলাপ— ‘আরে! কেহনা কেয়া চাহতে হো?’ আজও সামাজিক যোগাযোগমাধ্যমে মিম হয়ে ঘুরে বেড়ায় এবং দর্শকদের মুখে হাসি ফোটায়।

নিঃশব্দ অথচ শক্তিশালী উপস্থিতির কারণে পর্দায় আলাদা করে চেনা যেত তাকে। অচ্যুত পোতদারের প্রয়াণে বলিউড হারাল এক নির্ভরযোগ্য অভিনেতাকে, আর দর্শক হারাল পর্দার প্রিয় মুখকে।