এবারের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন সংগীতশিল্পী কনকচাঁপা। কনকচাঁপাকে উত্তরীয় পরিয়ে দেয়া, সম্মাননা প্রদান করার পাশাপাশি চেক তুলে দেন তথ্যমন্ত্রী জহিরউদ্দীন স্বপন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ উপস্থিত আরো অনেকে। একই আয়োজনে বিশেষ সম্মাননা দেয়া হয় শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে।
আজীবন সম্মাননাপ্রাপ্তি প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘আমি সিরাজগঞ্জের কাজীপাড়ার মেয়ে। আমার শ্বশুরবাড়ি বগুড়ায়। তো বগুড়ার মাটিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়ে ভালো লাগছে। নিঃসন্দেহে আজীবন সম্মাননা অনেক বড় একটা প্রাপ্তি। কিন্তু এই বয়সে এ সম্মাননা পাওয়ায় নিজের মাঝেই মিশ্র অনুভূতি কাজ করছে। নিজেকেই নিজে প্রশ্ন করছি, তাহলে কি জাতিকে দেয়া শেষ হয়ে গেল? এ রকম কিছু। আবার পজিটিভলি এভাবেও চিন্তা করছি যে আমার ৪২ বছরের পেশাগত সংগীতজীবন, অনেক লম্বা সময়। সবকিছুর পর ভালো লাগছে।’
একই আয়োজনে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন সংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তার হাতে সম্মাননা তুলে দেন আয়োজক ও সম্মানিত অতিথিরা। এক জীবনে বহু গান গেয়েছেন সুফিয়া। লোকসংগীতে তার অবদানের জন্যই চ্যানেল আই তাকে সম্মানিত করেছে।
এছাড়া আরো আটটি বিভাগে পুরস্কার দেয়া হয়েছে। আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী লিজা (খুব প্রিয় আমার), শ্রেষ্ঠ সুরকার আধুনিক গান বাপ্পা মজুমদার (অবশেষে), শ্রেষ্ঠ গীতিকার আধুনিক গানে তারেক আনন্দ এবং শাহনাজ কাজী (প্রেমবতী মা), শ্রেষ্ঠ ব্যান্ড মেট্রিক্যাল (গণতন্ত্রের ঘুড়ি), শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সেতু চৌধুরী (গণতন্ত্রের ঘুড়ি), শ্রেষ্ঠ দ্বৈত সংগীতশিল্পী ইমরান ও সিঁথি সাহা (প্রেম বুঝি), শ্রেষ্ঠ লোকসংগীতশিল্পী বিউটি (চার চাঁদে দিচ্ছে ঝলক), শ্রেষ্ঠ ছায়াছবির গান আতিয়া আনিসা (ছোট্ট সোনা), শ্রেষ্ঠ সুরকার ছায়াছবির গান শওকত আলী ইমন (ছোট্ট সোনা), শ্রেষ্ঠ গীতিকার ছায়াছবির গান রোহিত সাধুখাঁ (বেঁচে যাওয়া ভালোবাসা)।









