ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট। সম্প্রতি অংশীদারত্বে গেল প্রতিষ্ঠানটি। ইউনিভার্সাল মিউজিক ইন্ডিয়ান (ইউএমআই) সঙ্গে হাত মিলিয়েছে তারা। এক্সেলের ৩০ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণ করেছে ইউএমআই।
চুক্তি অনুযায়ী, ইউএমআই এক্সেলে ৩০ শতাংশ ইকুইটি অংশীদারত্বসহ একটি গুরুত্বপূর্ণ সংখ্যালঘু শেয়ারহোল্ডারে পরিণত হবে। প্রেস নোটে বলা হয়েছে, এ চুক্তির মাধ্যমে ইউএমআই ও এক্সেলের মধ্যে একটি নতুন কৌশলগত অংশীদারত্বের ভিত্তি তৈরি হবে, যা এক্সেলের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ ভারতীয় বাজারে ইউএমআই-এর অবস্থান আরো শক্তিশালী করবে। উল্লেখ্য, এক্সেল এন্টারটেইনমেন্টের মূল্যায়ন দেখানো হয়েছে ২ হাজার ৪০০ কোটি রুপি।
সোমবার সকালে এ অংশীদারত্বের ঘোষণা দেয়া হয় একটি প্রেস কনফারেন্সে। সেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ উপস্থিত ছিলেন।
চুক্তির শর্ত অনুযায়ী, এক্সেলের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত ভবিষ্যতের সব প্রকল্পের জন্য তৈরি মৌলিক সাউন্ডট্র্যাকগুলোর বৈশ্বিক বিতরণ অধিকার পাবে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ (ইউএমজি)। এ জোটের আওতায় একটি বিশেষ এক্সেল মিউজিক লেবেলও চালু করা হবে, যার বৈশ্বিক বিতরণ করবে ইউএমজি।
এ ছাড়াও ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপ এক্সেলের একচেটিয়া মিউজিক পাবলিশিং পার্টনার হবে। এর ফলে ভবিষ্যতে এক্সেল প্রযোজনায় বিদ্যমান ইউএমজি ও ইউএমআই শিল্পী এবং সংগীতভাণ্ডারকে অন্তর্ভুক্ত করার নতুন সুযোগ তৈরি হবে।
চুক্তির অংশ হিসেবে ইউনিভার্সাল মিউজিক ইন্ডিয়া ও সাউথ এশিয়ার চেয়ারম্যান ও সিইও এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কৌশলবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেবরাজ সান্যাল এক্সেল এন্টারটেইনমেন্টের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হবেন।
সূত্র: ইয়ন










