চলতি বছরের মাঝামাঝিতে জানা গিয়েছিল এবার সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন দেশীয় নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাও আবার কলকাতার সিনেমায়। মূলত সিনেমার গল্প ও চরিত্র একসঙ্গে পছন্দ হওয়ায় সিনেমাটি করতে আগ্রহী হয়েছেন এ অভিনেত্রী। আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক অতনু ঘোষ নির্মাণ করতে যাচ্ছেন ‘আরও এক পৃথিবী’ নামের একটি সিনেমা, তাতেই দেখা যাবে ফারিণকে।
নতুন খবর হলো এরই মধ্যে লন্ডনের ৩০টিরও বেশি লোকেশনে আরও এক পৃথিবীর শুটিং শেষ হয়েছে। এ নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘আমার প্রথম সিনেমা আরও এক পৃথিবীতে আমি প্রতীক্ষা চরিত্রে অভিনয় করেছি। প্রতীক্ষার ১১ বছরের জার্নির গল্প এ সিনেমা। যেখানে প্রতীক্ষা নিজের আসল পরিচয়টা খুঁজে বেড়ায়, নিজের প্রকৃত আশ্রয় খুঁজে নিতেই তার যাত্রা। কিন্তু শেষ পর্যন্ত প্রতীক্ষা তা পায় কিনা, সেটা আসলে সিনেমা মুক্তির পর দেখতে হবে।’ ছোট পর্দায় অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তাসনিয়া ফারিণ। দর্শকের আগ্রহ আর অভিনয়ের প্রতি ভালো লাগা থেকেই নিয়মিত পর্দায় দেখা যায় তাকে। ওটিটিতেও দর্শকের সমর্থন পেয়েছেন তিনি। বর্তমানে এ অভিনেত্রী তার প্রথম সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন। এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ আরো বলেন, ‘আমার প্রথম সিনেমা হিসেবে এটিতে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। যখন যেভাবে কাজ করার কথা ঠিক সেভাবেই কাজ হয়েছে। বাংলাদেশের মতো তারাও ভীষণ কো-অপারেটিভ। যে কারণে আমার একবারও মনে হয়নি আমি বাইরের কোনো ইউনিটের সঙ্গে কাজ করছি। অতনু দাদা তার কাজের ব্যাপারে ভীষণ স্পষ্ট। তিনি কী চান আর কী করতে হবে সবই প্রস্তুত ছিল। আমি শুধু মন দিয়ে অভিনয় করেছি। সত্যিই আমি ভীষণ প্রতীক্ষায় আছি, প্রতীক্ষাকে সিনেমার পর্দায় দেখার জন্য।’
ওপার বাংলার গুণী নির্মাতা অতনু ঘোষ বরাবরই ভিন্ন ধাঁচের গল্প নিয়ে হাজির হন। অতনু ঘোষের ১০তম সিনেমা আরও এক পৃথিবী। তার নির্মিত ‘রোববার’ সিনেমায় অভিনয় করে ভারতের ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন বাংলাদেশের জয়া আহসান। এবার দেখার পালা অতনু ঘোষের নির্দেশনায় অভিষেক হতে যাওয়া ফারিণের সিনেমাটি পর্দায় কেমন প্রভাব ফেলে। কেবল তিনি নন, এবারই প্রথমবার অতনু ঘোষের সিনেমায় দেখা যাবে অভিনেতা কৌশিক গাঙ্গুলিকে। শুটিং শুরুর আগে আরও এক পৃথিবী সিনেমাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছিলেন অতনু ঘোষ। তিনি জানিয়েছিলেন, ‘আমার অন্যান্য সিনেমার থেকে এটা একটু আলাদা। যে চারজন মানুষের মাথার ওপর নিজস্ব ও বিশ্বস্ত ছাদ নেই। সে ছাদ খোঁজার গল্পই দেখা যাবে পর্দায়। কয়েকদিন আগে ফোর ফিট আন্ডার নামে একটা বই পড়েছিলাম। সেখান থেকেই ভাবনাটা। এ সিনেমায় লন্ডন একেবারে অন্যভাবে ধরা পড়বে।’
কৌশিক গাঙ্গুলির চরিত্র নিয়ে বলতে গিয়ে অতনু জানিয়েছেন, ‘অনেক দিন থেকেই কৌশিক আর আমি একসঙ্গে কাজ করার কথা ভাবছিলাম। কিন্তু কৌশিককে আমি স্পষ্ট জানিয়েছিলাম স্ট্রং চরিত্র তৈরি করতে পারলে তবেই তোমাকে নেব।’
কৌশিক ও ফারিণ ছাড়াও আরও এক পৃথিবীতে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু। সিনেমাটির পুরো শুটিংই হয়েছে লন্ডনে। ভারতের জনপ্রিয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে আরও এক পৃথিবী।
২০১৭ সালে আমরা ‘আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেছিলেন, বিজ্ঞাপনেও কাজ করেছেন। দেশের গুণী নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। গত ৯ জুলাই ভারতীয় ওটিটি প্লাটফর্ম জিফাইভে ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার পর থেকেই দেশের বাইরেও সমানভাবে জনপ্রিয়তা পান এ অভিনেত্রী। এছাড়া গত বছরে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ও রেদওয়ান রনি প্রযোজিত নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসা পান তাসনিয়া ফারিণ।










