প্রায় প্রতিদিনই নানা সাংস্কৃতিক আয়োজন থাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। ১০ দিনব্যাপী বর্ণিল এক সাংস্কৃতিক উৎসবের পর্দা উঠল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় এ উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো অনুষ্ঠাটির তত্ত্বাবধানে ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যও দিয়েছেন তিনি। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সাংস্কৃতিক উৎসবে বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শিশু নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেছে। আয়োজনটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে প্রতিদিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন দিলরুবা সাথী। সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশের ঐতিহ্য ও স্বদেশ প্রেম উঠে এসেছে শিল্পীদের পরিবেশনায়। উৎসবটি চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।










