সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত হলো ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল’। বলিউডের তারার মেলা বসেছিল সেখানে। যোগ দিয়েছিলেন রণবীর কাপুরও। উৎসবের ‘ইন কনভারসেশন’ সেশনে বিদেশী সিনেমায় অভিনয়সহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন তিনি। এসব কথায় উঠে আসে তার সর্বশেষ সিনেমার ব্যর্থতা ও পরবর্তী পরিকল্পনা। 

‘শমসেরা’ সিনেমায় কাজ করা প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা জানান রণবীর। তিনি বলেন ‘‌এখন পর্যন্ত আমার কাজ করা সবচেয়ে কঠিন সিনেমা হলো শমসেরা। বক্স অফিসে এটি মুখ থুবড়ে পড়ে। সবচেয়ে বড় যে ভুলটি আমি করেছিলাম তা হলো আমি একটি দাঁড়িতে আটকে ছিলাম। গরমে যখন আপনি অভিনয় করছেন, আর আপনাকে একটি দাঁড়িতেই আটকে থাকতে হচ্ছে, তখন আপনার মনে হবে আপনার চেহারা যেন গলে যাচ্ছে।’

এ বছর বলিউডের বড় বাজেটের ছবিগুলোর মধ্যে ‘শমশেরা’ একটি। ভারতে যখন পিরিয়ড ড্রামা ভালো ব্যবসা করছে, তখন সিনেমাটি ব্যর্থ হলো। এ বিষয়ে প্রভাবশালী কাপুর পরিবারের এ তারকা বলেন, ‘দল বেঁধে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার যে সংস্কৃতি তা হারিয়ে যাচ্ছে। তবু আমি আশা করি, শক্তিশালী গল্প বয়ান এবং নব উদ্যমসহ ভারতীয় সিনেমার স্বর্ণযুগ ফিরে আসবে।’

কথোপকথনে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে কথা বলেন এ অভিনেতা। পাশাপাশি এ বছরের ফ্লপ সিনেমাগুলো নিয়ে তিনি তার অভিমত ব্যক্ত করেন। এছাড়া হিন্দি ব্যতীত অন্য ভাষার ভারতীয় সিনেমাগুলোর ব্যাপক সাফল্যের কথাও তিনি তুলে ধরেন। ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ থেকে ‘আরআরআর’, বক্স অফিসে দারুণ হিট করা সিনেমাগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘‌গল্প বয়ানের ক্ষেত্রে তারা আসলেই ভালো করছে।’ সাঞ্জুর পর যেন নিজের মধ্যে ফিরতে পারছেন না রণবীর। তবে এগিয়ে যাচ্ছেন আলিয়া ভাট। হলিউডের স্পাই থ্রিলার ‘হার্ট অব স্টোন’-এ কাজ করার মাধ্যমে ইংরেজি ভাষার সিনেমায় অভিষেক ঘটেছে রণবীর কাপুরের জীবনসঙ্গিনী, লাস্যময়ী অভিনেত্রী আলিয়া ভাটের। কথোপকথনে সে প্রসঙ্গের সূত্র ধরে রণবীর কখনো ইংরেজি সিনেমায় কাজ করবেন কিনা জানতে চাওয়া হয়। রণবীর বলেন, ‘‌আমি কখনই ‘‘না’’ বলি না। তবে নিজ দেশে নিজ ভাষায় কাজ করার যে সুযোগ আমার কাছে আসে, এতেই আমি সন্তুষ্ট। ইংরেজিতে অভিনয় করার ব্যাপারে আমার মধ্যে একটা বাধা কাজ করে। আমি বরং আমার ভাষায়ই কাজ করব, যা আমার জন্য স্বাভাবিক। তবে কখনই ‘‘না’’ বলি না।’ অর্থাৎ অদূর ভবিষ্যতে না হলেও সুদূর ভবিষ্যতে রণবীরকে হলিউড বা অন্য ভাষার চলচ্চিত্রে দেখার আশা রাখতেই পারেন দর্শক।


সুত্র: ইয়ন