হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি নিজ দেশ যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতার ওপর তৈরি হওয়া হুমকি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নিজের নতুন চলচ্চিত্র ‘ক্যুচুয়ার’ প্রদর্শনের সময় নিজ দেশের সমালোচনা করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করার পর লেট-নাইট শো হোস্ট জিমি কিমেলের অনুষ্ঠান স্থগিত করা হয়। এ ঘটনার পর দেশটিতে বাকস্বাধীনতা সংকোচনের আশঙ্কা আরও বেড়ে যায়। এই প্রেক্ষাপটে জোলি ট্রাম্প প্রশাসনের সমালোচনা ও সংবাদমাধ্যমের ওপর দমননীতিকে কঠোরভাবে নিন্দা জানান।

সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে এক সাংবাদিক জিজ্ঞাসা করলে জোলি বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি, তবে এই মুহূর্তে আমি আমার দেশকে চিনতে পারছি না। যেকোনো স্থানে যা কিছু মানুষকে বিভক্ত করে বা ব্যক্তিগত মতপ্রকাশ ও স্বাধীনতাকে সীমিত করে, সেটি ভীষণ বিপজ্জনক। আমরা সবাই এখন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’

৫০ বছর বয়সী জোলি এই উৎসবে তার নতুন ছবি ‘ক্যুচুয়ার’ প্রচারের জন্য উপস্থিত ছিলেন। ফরাসি চলচ্চিত্র নির্মাতা অ্যালিস উইনোকুর পরিচালিত এই ছবিটি উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন শেল-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।