কিশোরী অ্যানা ফ্রাঙ্কের লিখে যাওয়া ডায়েরি আজও বিশ্ববাসীকে ভাবায়। বিশ্বযুদ্ধে হিটলারের গেস্টাপো বাহিনীর হাতে ধরা পড়ে বন্দি শিবিরে মারা যায় অ্যানা ফ্রাঙ্ক ও তার পরিবারের সদস্যরা। বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে সন্ধ্যা ৭টায় ম্যাড থেটারের তৃতীয় প্রযোজনা ‘অ্যানা ফ্রাঙ্ক’ নাটকের প্রথম মঞ্চায়ন হতে যাচ্ছে।
নাটকটি রচনা করেছেন আসাদুল ইসলাম ও পরিচালনা করেছেন কাজী আনিসুল হক বরুণ। ঐতিহাসিক চরিত্র অ্যানা ফ্রাঙ্ককে নিয়ে নির্মিত ম্যাড থেটারের প্রযোজনাটি একক নাটক হিসেবে ইতিহাসে প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ হতে যাচ্ছে। এতে অ্যানা ফ্রাঙ্কের চরিত্রে অভিনয় করেছেন আর্য মেঘদূত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আত্মরক্ষার জন্য অ্যানা ফ্রাঙ্ক ও তার পরিবার আশ্রয় নেয় একটি গোপন কুঠুরি সিক্রেট অ্যানেক্সে, যেখানে তারা ৭৬১ দিন অতিবাহিত করার পর ধরা পড়ে হিটলারের গেস্টাপো বাহিনীর হাতে। সিক্রেট অ্যানেক্সের বন্দি জীবনের রুদ্ধশ্বাস দিনগুলোয় অ্যানা ফ্রাঙ্ক তার ডায়েরিতে ফুটিয়ে তোলে যুদ্ধের বারুদমাখা ধূসরতা, তার মানসিক বেদনার রঙ, ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনার রংধনু। ডায়েরিটাই হয়ে ওঠে তার কাছে প্রিয় বন্ধু। বন্দিজীবনের ৭৬১তম দিনে, ১৯৪৪ সালের ৪ আগস্ট হিটলারের বাহিনী এসে সিক্রেট অ্যানেক্সের বাসিন্দাদের ধরে নিয়ে যায়। এমনি গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি। অ্যানার মৃত্যু হয় বন্দি শিবিরে। ঠাণ্ডায়, শ্বাসকষ্টে ভুগে। যুদ্ধের ফলাফল তার জানা হয়নি, কিন্তু যুদ্ধ যে স্বপ্নের অপমৃত্যু ঘটায়, মৃত্যুর আগে এটা অ্যানা জেনে যায়।










