১১ আগস্ট নিজের অসুস্থতার কথা প্রকাশ করেন সঞ্জয় দত্ত। একই সঙ্গে জানান সিনেমা থেকে বিরতি নিচ্ছেন। শুরুতে না জানা গেলেও কয়েক দিনেই জানা যায় তৃতীয় পর্যারের ক্যান্সারে আক্রান্ত বলিউডের ‘সঞ্জুবাবা’। এরপর শোনা যায় ফুসফুসের ক্যান্সারের চতুর্থ পর্যায়ে আক্রান্ত সঞ্জয়। ভারতীয় গণমাধ্যমগুলো শুরুতে জানিয়েছিল, আমেরিকায় ক্যান্সারের চিকিৎসা করাতে যাবেন সঞ্জয়। এমনকি যে হাসপাতালে তার মা নার্গিস চিকিৎসা নিয়েছিলেন, সেখানেই তার ভর্তি হওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু পরে জানা যায় অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত হওয়ায় সঞ্জয় মার্কিন ভিসা পাননি। এরপর চিকিৎসার জন্য তার সিঙ্গাপুরের যাওয়ার কথাও শোনা গেলেও সব জল্পনার অবসান ঘটিয়ে মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন সঞ্জয় দত্ত।
মুম্বাইয়ের হাসপাতালেই সম্প্রতি তার প্রথম পর্যায়ের কেমোথেরাপি সফল হয়েছে। আসন্ন সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি শুরু হবে। এমনই খবর পাওয়া গেছে মুম্বাইয়ের হাসপাতাল সূত্রে।
হাসপাতাল সূত্রে খবর, গত সপ্তাহেই সঞ্জয়ের প্রথম পর্যায়ের কেমোথেরাপি করেছেন চিকিৎসকরা। তাতে ইতিবাচক ফল পাওয়া গেছে। এ সপ্তাহের মঙ্গল অথবা বুধবার অভিনেতার দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি করা হতে পারে। সঞ্জয়ের শরীরের পরিস্থিতি দেখে তারপর সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। চিকিৎসকদের একটি দল নিয়মিত সঞ্জয়ের স্বাস্থ্যের দিকে নজর রাখছে।
চতুর্থ স্টেজের ক্যান্সার থেকে সেরে উঠতে মোট কতগুলো কেমোথেরপি নিতে হবে সঞ্জয়কে সে প্রশ্নের উত্তর এখনো অজানা। সূত্রের খবর, সঞ্জয়ের শরীরের পরিস্থিতি দেখেই সময় বিশেষে সিদ্ধান্ত নেবেন মুম্বাইয়ের চিকিৎসকরা।
সঞ্জয়ের স্ত্রী মান্যতা দত্ত বলেছেন, ‘সঞ্জয়ের প্রাথমিক চিকিৎসা মুম্বাইয়েই হবে। এরপর কভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা বিদেশে চিকিৎসার ভবিষ্যৎ পরিকল্পনা করব।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










