আড়াইটা সবার কাছে গভীর রাত হলেও মার্ক ওয়ালবার্গের কাছে ছিল দিনের শুরু। এরপর সোয়া তিনটার দিকে ব্রেকফাস্ট, সাড়ে পাঁচটার আগেই শেষ হয়ে যেতো ওয়ার্ক-আউট। এমন অপ্রচলিত রুটিনের কথা তিনি প্রকাশ করেন ২০১৮ সালে।

সম্প্রতি সেই আলোচিত রুটিনে কিছুটা বদল আনলেন হলিউড অভিনেতা। তবে কতটুকুই হেরফের হলো!

ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে নতুন রুটিনের কথা প্রকাশ করেন ‘দ্য ডিপার্টেড’ তারকা।

আগের চাইতে কিছুটা নমনীয় এখন তিনি। এখন সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ঘুম থেকে উঠেন। আগের মতো ধর্মকর্ম দিয়েই শুরু করেন দিন। সপ্তাহে পাঁচ দিনের কর্মদিবসে আঠারো ঘণ্টার ইন্টারমিটেন্ট ডায়েট করেন তিনি। ফলে খাবারে থাকে রদ-বদল।

দিনের প্রথম অংশেই বেশি উদ্যমী আর কর্মক্ষম থাকেন বলে দাবি ওয়ালবার্গের। রুটিন নিয়ে তিনি বেশ কঠোর। দৈনন্দিন রুটিনকে অনুসরণ করার কারণেই সৃজনশীলতা আর কর্মক্ষমতাকে আশানুরূপ বাড়াতে পেরেছেন বলে জানান।

অধিকাংশ মানুষ সন্ধ্যা সাতটার পর রাতের খাবার নিয়ে ব্যস্ত থাকে। কেউ হয়তো দিনশেষে জমায় আড্ডার আসর। ওয়ালবার্গ ততক্ষণে ঘুমানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সাড়ে সাতটা তার ঘুমানোর সময়।

হলিউডে উজ্জ্বল বিচরণের পাশপাশি মার্ক ওয়ালবার্গ সফল ব্যবসায়ী ও র‍্যাপার। সফলতার মূলমন্ত্র জানতে চাওয়া হয় তার কাছে।

জবাবে ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে অভিনেতার সহজ আহ্বান, শুধু নিজের পথে হাঁটতে থাকুন। কেবল কাজ করতে থাকুন। চেষ্টার কোন কমতি রাখবেন না। কারো সাহায্য পাওয়ার প্রত্যাশা করবেন না। শুধু দীর্ঘ সময় নিয়ে লেগে থাকতে হবে।

চলতি বছরে আনচার্টেড, ফাদার স্টু ও মি টাইম- এ তিন সিনেমায় দেখা গিয়েছে মার্ক ওয়ালবার্গকে। সামনে আসছে আর্থার দ্য কিং ও আওয়ার ম্যান ফ্রম জার্সি।