আদিত্য ধর পরিচালিত সিনেমা ধুরন্ধর। দুই পর্বে মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে ভারতীয় অনেক দর্শকের মুগ্ধতার অন্ত নেই। এমনকি বাংলাদেশী বহু দর্শকেরও দারুণ পছন্দ হয়েছে সিনেমাটি। তবে এটিতে প্রপাগাণ্ডা সিনেমাই বলছেন অনেকে। তবে সিনেমায় জামিল জামালি চরিত্রে রাকেশ বেদীর অভিনয় যে দারুণ তাতে কারো সন্দেহ নেই। প্রথম পর্বের পর থেকেই তার চরিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তৈরি হয় চরিত্রকেন্দ্রিক মিম। দ্বিতীয় পর্ব মুক্তির পর একটি গুঞ্জন আসে। বলা হয় রাকেশ বেদীর পারফরম্যান্সে খুশি হয়ে সিনেমার সাফল্যের পর তাকে ১ কোটি রুপি উপহার দিয়েছেন পরিচালক আদিত্য ধর। রাকেশ বেদীর পারিশ্রমিক ছিল ৫০ লাখ রুপি। তবে সম্প্রতি অভিনেতা নিজেই এই গুজবকে উড়িয়ে দিলেন।

একটি ইনস্টাগ্রাম ভিডিওতে রাকেশ এই কথা জানান। তিনি বলেন, ‘মানুষজন ভিডিও পাঠিয়ে বলছে আমাকে নাকি নাকি এক কোটি রুপি উপহার দেয়া হয়েছে। তা ভাই, সেই টাকাটা কই? কার বাড়িতে আছে? কিংবা কার পকেটে আছে আমাকে একটু জানান। আমার অ্যাকাউন্টে তো আসেনি টাকা।’

ধুরন্ধরের প্রচার, প্রশংসা এমন পর্যায়ে পৌঁছেছে যে নানা রকম কথাই সিনেমাটি ও এর কলাকুশলীদের নিয়ে হচ্ছে। রাকেশ বেদীকে এক কোটি রুপি উপহার দেয়ার বিষয়টিও তেমন। এই ভিডিওতে তিনি আরো বলেন, ‘আর যদি টাকা চলে আসে আমি জানিয়ে দেব। না-ও জানাতে পারি। কিন্তু এখন পর্যন্ত এটাই সত্যি যে কোনো টাকা পাইনি। আপনারা কেউ ব্যবস্থা করে দিলে অবশ্য দিতে পারেন।’

সূত্র: হিন্দুস্তান টাইমস