শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এ চলচ্চিত্র এরই মধ্যে ভিন্নধর্মী গল্প ও বাস্তবধর্মী উপস্থাপনার জন্য দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

শোবিজে এ প্রজন্মের জনপ্রিয় মুখ সাফা কবির এ ওয়েব ফিল্মে বিশেষ চরিত্রে হাজির হয়েছেন। তিনি এতে একজন ইন্টার্ন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন, যার চোখ দিয়েই উঠে এসেছে চা বাগানের শ্রমিকদের কঠিন ও বাস্তব জীবনচিত্র।

সাফা কবির জানান, আগে তিনি চা বাগানকে কেন্দ্র করে কাজ করলেও সেসব গল্পে চা বাগান ছিল কেবল পটভূমি। তবে চা গরমে কাজ করতে গিয়ে তিনি শ্রমিকদের জীবন খুব কাছ থেকে দেখার সুযোগ পান। তাদের দুঃখ-কষ্ট, সীমাবদ্ধতা, শিক্ষা ও চিকিৎসার অভাব সবকিছুই এ কাজের মাধ্যমে তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

সাফা কবির বলেন, ‘চা বাগানের শ্রমিকদের জীবনে এখনো আধুনিক সুযোগ-সুবিধার অভাব প্রকট। নেই ভালো স্কুল, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, এমনকি অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্কও ঠিকমতো কাজ করে না। দিনভর কঠোর পরিশ্রমের পরও তারা যে পারিশ্রমিক পান, তা অত্যন্ত সামান্য। এ বাস্তবতাই ফুটে উঠেছে ওয়েব ফিল্মটির গল্পে।’

চলচ্চিত্রটিতে অভিনয় সাফা কবিরের জন্য ছিল ‘আই-ওপেনিং’ অভিজ্ঞতা। তিনি দর্শকের উদ্দেশে অনুরোধ জানিয়েছেন, সবাই যেন চলচ্চিত্রটি দেখেন এবং চা বাগানের শ্রমিকদের জীবনের বাস্তবতা সম্পর্কে সচেতন হন।

উল্লেখ্য, গত ঈদে সাফা কবির অভিনীত বেশ কয়েকটি নাটক দর্শকপ্রিয় হয়। যার মধ্যে ‘মৎস্যকন্যা’ ও ‘ফড়িয়া’ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া রমজানজুড়ে তিনি চ্যানেল আইয়ে প্রচারিত ‘ভালোবাসার সেই স্বাদ’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবেও প্রশংসিত হন।

চা গরম ওয়েব ফিল্মটি কেবল একটি গল্প নয়, বরং সমাজের প্রান্তিক মানুষের জীবনের প্রতিচ্ছবি, যেখানে সাফা কবিরের অভিনয় হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ।