নব্বইয়ের দশক থেকে অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেয়া এ অভিনেতাকে এবার দেখা যাবে একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের চরিত্রে।
বুকারজয়ী ভারতীয় লেখক অরবিন্দ আদিগার একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন বেন রেখি। মনোজ বাজপেয়ীর সঙ্গে এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত। সিনেমাটি পরিবেশনার দায়িত্বে রয়েছে দক্ষিণ ভারতীয় অভিনেতা রানা দাগ্গুবাতির প্রযোজনা প্রতিষ্ঠান স্পিরিট মিডিয়া।
সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছেন ‘মাস্টারজি’, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। যে আবাসিক ভবনে তিনি থাকেন, সেটি ঘিরে শুরু হয় পরিবর্তনের তোড়জোড়। আবাসন সংকট ও নতুন জীবনের নানা সুযোগের কারণে যখন ভবনের অন্য বাসিন্দারা নিজেদের সিদ্ধান্ত বদলাতে শুরু করেন, তখনো নিজের নীতিতে অটল থাকেন তিনি। একপর্যায়ে নিজের অবস্থান ধরে রাখার সিদ্ধান্তই তাকে সবার থেকে আলাদা করে দেয়।
একটি আবাসিক ভবনকে কেন্দ্র করে তৈরি এ গল্পে উঠে এসেছে শহুরে জীবনের পরিবর্তন, মানুষের সম্পর্কের টানাপড়েন এবং ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে বাস্তবতার সংঘাত। ফলে এটি শুধু একজন মানুষের নিজের জায়গা ধরে রাখার গল্প নয়; বরং পরিবর্তনের চাপে মানুষ কীভাবে নিজের সিদ্ধান্ত ও সম্পর্ককে নতুন করে মূল্যায়ন করে, সেই প্রশ্নও সামনে আনে।
সাহিত্য থেকে সিনেমায় গল্প রূপান্তরের দায়িত্ব নিয়েছেন ‘সালাম বোম্বে’ ও ‘দ্য নেমসেক’ খ্যাত সুনি তারাপোরওয়ালা। সংলাপ লিখেছেন ‘পিকু’ ও ‘অক্টোবর’-এর চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী। দুজনের কাজের ধরনেই চরিত্রের অন্তর্জগৎ ও দৈনন্দিন জীবনের সূক্ষ্ম টানাপড়েনের প্রতি আলাদা মনোযোগ দেখা যায়। ফলে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এ গল্পের বড় ঘটনাগুলোর পাশাপাশি ছোট ছোট মানবিক মুহূর্তও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সিনেমাটির আবহ নির্মাণে সংগীতের দায়িত্বে রয়েছেন ‘৯৬’ খ্যাত গোবিন্দ বসন্ত।
সম্প্রতি প্রকাশিত সিনেমাটির টিজার দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে মনোজ বাজপেয়ীর নতুন ধরনের চরিত্র নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় মৌসুমের কাজ শেষ করার পরই সামনে এল তার এ নতুন সিনেমার খবর।
দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরেছেন মনোজ বাজপেয়ী। এবার ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এ তার চরিত্র কতটা ভিন্ন অভিজ্ঞতা দেয়, সেটিই দেখার অপেক্ষা।
সূত্র: টাইমস ইন্টারটেইনমেন্ট










