আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিন স্মরণে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয় থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। এনটিভিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে থাকছে বিশেষ আয়োজন। আজ সকাল ৬টা ৫৫ মিনিটে প্রচার হবে শহীদ বুদ্ধিজীবী সংগীতজ্ঞ আলতাফ মাহমুদ স্মরণে স্মৃতিকথা ‘কৃষ্ণগহ্বর’। শিমুল ইউসুফের উপস্থাপনায় এটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। সকাল ৮টা ৪৫ মিনিটে থাকছে বিশেষ বাংলা ছায়াছবি ‘রূপসা নদীর বাঁকে’। তানভীর মোকাম্মেলের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, ঝুনা চৌধুরী, আফজাল কবির, মাসুম বাশার, উত্তম গুহ, পাভেল ইসলাম, রাজিব সালেহীন, মিলি বাশার প্রমুখ। দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠান ‘আজ দুপুরে’-এর বিশেষ পর্ব। রফিকুল ইসলামের প্রযোজনায় এ অনুষ্ঠানে অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা কাজী সাজ্জাদ আলী জহির। বেলা ১টা ২০ মিনিটে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের বীর ও বীরত্বগাথা।’ রাত ১০টায় প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘নীরব কান্না’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শ্যামলী নাসরিন চৌধুরী, শাহরিয়ার কবির, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, পান্না কায়সার প্রমুখ।
বৈশাখী টিভিতে আজ সকাল ৭টা ৪৫ মিনিটে মামুন আব্দুল্লাহর প্রযোজনায় প্রচার হবে দেশের গান ‘জন্মভূমি’। সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’ অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শবনম প্রিয়াংকা। বেলা দেড়টায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। বিকাল ৫টা ২০ মিনিটে প্রচার হবে সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘সারগাম’। এতে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাগর বাউল ও শান্তা তুলি। বুদ্ধিজীবী দিবসের বিশেষ নাটক ‘পবন মাঝি’ প্রচার হবে রাত ১০টায়। জামাল মল্লিকের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সোহানা সাবা, চঞ্চল চৌধুরী, রাইসুল ইসলাম আসাদ, রহমত আলী প্রমুখ।
বুদ্ধিজীবী দিবসে বৈশাখী টিভিতে প্রচার হবে দেশ চেতনার ওপর নির্মিত তিনটি সিনেমা। সকাল ১০টা ১০ মিনিটে ইলিয়াস কাঞ্চন, দিতি, রানা হামিদ, আহমেদ শরীফ অভিনীত ‘আমার দেশ আমার প্রেম’, বেলা ২টা ৪৫ মিনিটে মান্না, শাহনাজ, আনোয়ার হোসেন, হুমায়ুন ফরীদি অভিনীত এনায়েত করিম পরিচালিত ‘দেশের মাটি’ ও রাত ১২টায় প্রচার হবে মনোয়ার খোকন পরিচালিত ঋতুপর্ণা, চাঙ্কি পান্ডে, শাবানা অভিনীত ‘মেয়েরাও মানুষ’।
বুদ্ধিজীবী দিবসে বাংলাভিশনের বিশেষ আয়োজনে থাকছে তিন পর্বের বিশেষ আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান ‘বিজয়ের ৫১’-এর প্রথম পর্ব, এটি প্রচার হবে আজ বিকাল ৫টায়। বরেণ্য মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান বুদ্ধিজীবীদের অংশগ্রহণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর কথা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ এ অনুষ্ঠান। প্রথম পর্বে অতিথি থাকবেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি আবৃত্তি ও সঞ্চালনা করেছেন শিমুল মুস্তাফা। আবৃত্তি পরিবেশন করেছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। কয়েকটি দেশের গানের দু-এক লাইন গেয়েছেন দেবলীনা সুর।
দীপ্ত টিভিতেও থাকছে আজকের দিনের বিশেষ আয়োজন। দুপুর ১২টা ৩০ মিনিটে আছে প্রামাণ্যচিত্র ‘বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’। ডকু ড্রামা ‘সূর্যসন্তান ডা. মো. মোর্তজা’ প্রচারিত হবে বিকাল ৪টায়।










