ভাষা আন্দোলনের চেতনায় প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজন করা হয় আমার ভাষার চলচ্চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে এ বছর উৎসব শুরু হবে ৩ ফেব্রুয়ারি, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সিনেমা নির্বাচনে প্রতি বছরের মতো এবারো আছে বৈচিত্র্য। উৎসবে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখানো হবে। উদ্বোধনের দিন একটি এবং এরপর প্রতিদিন চারটি করে সিনেমা দেখানো হবে। শোর সময় সকাল ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টা।

আহমেদ হাসান সানি পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ থাকছে উদ্বোধনের দিন। ১৬ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। নূর নামের এক প্রবাসী বাংলাদেশীর চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। দেশে ফেরার পর একধরনের রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয় তাকে। এ নিয়েই সিনেমার গল্প।

উৎসবে নতুন সিনেমার পাশাপাশি পুরনো সিনেমাও আছে। দ্বিতীয় দিন সকালে প্রদর্শিত হবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’। দুপুর সাড়ে ১২টায় থাকছে আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’। বেলা সাড়ে ৩টায় শরাফ আহমেদ পরিচালিত ‘চক্কর ৩০২’ ও সন্ধ্যায় প্রদর্শিত হবে রায়হান রাফীর ‘তাণ্ডব’।

উৎসবের তৃতীয় দিনের প্রথম চলচ্চিত্র সালাউদ্দিন পরিচালিত ‘রূপবান’। দুপুরে থাকছে সাদিক আহমেদ পরিচালিত ‘দ্য লাস্ট ঠাকুর’। পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ প্রদর্শিত হবে বিকালে ও সন্ধ্যায় থাকছে মনিরুল হক পরিচালিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। গণরুম ও ছাত্ররাজনীতির গল্প অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমাটি। ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ইউনিভার্সিটি অব চানখাঁরপুল।

হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’ দিয়ে শুরু হবে চতুর্থ দিন। এরপর দেখানো হবে বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোস্‌না’। সিনেমাটি পরিচালনা করেছেন তোজাম্মেল হক। মিঠু খানের ‘নীলচক্র’ ও কামার আহমাদের ‘অন্যদিন’ থাকছে বিকাল ও সন্ধ্যায়।

পশ্চিমবঙ্গের দুটি সিনেমাও থাকছে উৎসবে। এর মধ্যে ৭ ফেব্রুয়ারি তপন সিনহার ‘হারমোনিয়াম’ দিয়ে প্রদর্শনী শুরু হবে। এরপর দেখানো হবে তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ ও সর্বশেষ দেখানো হবে গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা তানিম নূরের ‘উৎসব’।

সমাপনী দিনে দেখানো হবে তিনটি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সমাপনী দিনের প্রথম সিনেমা বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’। এরপর দেখানো হবে কাজী হায়াত পরিচালিত ‘ধর’। বেলা সাড়ে ৩টার স্লটে পর্যায়ক্রমে দেখানো হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মাহফুজ সরকারের ‘ময়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের জন্ম থেকে জ্বলছি ও উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’। উৎসবের সমাপনী চলচ্চিত্র কলকাতার। জয়ব্রত দাশ পরিচালিত ‘দি একাডেমি অব ফাইন আর্টস’ প্রদর্শনীর মাধ্যমে শেষ হবে এবারের উৎসব।