মা হওয়ার পর অভিনয় থেকে খানিকটা দূরেই ছিলেন দীপিকা পাড়ুকোন। মাতৃত্বকে অগ্রাধিকার দিতে গিয়ে তিনি অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দিয়েছিলেন, এমনকি সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমাটিও ছেড়ে দেন।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আবারও ফিরছেন এই বলিউড তারকা। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অ্যাটলি পরিচালিত নতুন ছবি ‘এএ২২এক্সএ৬’-এ দেখা যাবে তাকে। সিনেমাতে দীপিকার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

প্রায় ১০০ দিনব্যাপী চলবে এ সিনেমার শুটিং, যা শুরু হবে নভেম্বরে। দীপিকা-আল্লু জুটির পাশাপাশি আরও থাকছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরের মতো জনপ্রিয় অভিনেত্রী। সিনেমাতে চমক হিসেবে থাকছে বেশ কিছু সাহসী অ্যাকশন দৃশ্য, যেখানে দীপিকাকেও দেখা যাবে নতুন রূপে।

কাজের সময় নিয়েও কোনো সমস্যা তৈরি হয়নি। মা হওয়ার পর দীপিকা শর্ত দিয়েছিলেন, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। পরিচালক অ্যাটলি সেই নিয়মকে সম্মান জানিয়েই শুটিংয়ের পরিকল্পনা সাজিয়েছেন।