বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা এটি। এটি কবে মুক্তি পাবে, এ নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। এ নিয়ে কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এমপি। চলতি বছরের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা মুজিব: একটি জাতির রূপকার মুক্তি পেতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় এটি নির্মাণ হয়েছে। গতকাল সচিবালয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেছি। বঙ্গবন্ধুর বায়োপিক রেডি। প্রধানমন্ত্রী দেখার পর তিনি চূড়ান্ত অনুমোদন দেয়ার পর আশা করছি এ বছরের মধ্যে সেটি রিলিজ করা সম্ভব হবে।’
এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী তার সঙ্গে সাক্ষাৎ করেন।
মুজিব: একটি জাতির রূপকার নির্মাণ করেছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বিশিষ্ট ব্যক্তিদের জীবনীনির্ভর সিনেমা নির্মাণে ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল সিদ্ধহস্ত। মহাত্মা গান্ধীকে নিয়ে তিনি ১৯৯৬ সালে নির্মাণ করেছিলেন দ্য মেকিং অব দ্য মহাত্মা। এর নয় বছর পর ২০০৫ সালে নির্মাণ করেন নেতাজি সুভাষ চন্দ্র বোস: দ্য ফরগটেন হিরো। ১৭ বছর পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণ করছেন এ সিনেমা। প্রতিটি সিনেমায়ই বেনেগালের গভীর অভিনিবেশ ও গবেষণা নজরে আসে।
শেষ মুহূর্তে এসে বর্তমান সিনেমাটির নাম ‘বঙ্গবন্ধু’
থেকে বদলে হয়েছে মুজিব: একটি জাতির রূপকার বা মুজিব: দ্য মেকিং অব আ নেশন। বেনেগাল মনে করেন, মুজিব নামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্পষ্টভাবে প্রকাশ করা সম্ভব। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘সিনেমার নামটি এভাবেই অনেক বেশি অর্থবহ হবে। মুজিব অর্থ উত্তরদাতা। আর মানুষটি ছিলেন তার দেশের জনগণের জন্য বাতিঘরস্বরূপ। জনগণ দিকনির্দেশনা ও তাদের প্রশ্নের উত্তরের জন্য তার দিকে তাকিয়ে থাকত। কেবল তা-ই নয়, মানুষ তাকে বিশ্বাস করত।’
এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় আছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরো অনেকে অভিনয় করেছেন। কয়েক মাস আগে বঙ্গবন্ধুর ট্রেলার প্রকাশ হলে এর বিভিন্ন বিচ্যুতি নিয়ে সমালোচনা হয়।
সিনেমাটি সম্পর্কে কথা বলতে গিয়ে বেশকিছু বিষয় তুলে ধরেছেন বেনেগাল। তিনি বলেন, ‘তার জীবনকাহিনীর পুনর্নির্মাণের কাজটি বেশ জটিল ছিল। আমি তার সম্পর্কে আরো পড়াশোনা শুরু করি।’ অভিজ্ঞ এ পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাছ থেকে দেখা এবং দেখানোর চেষ্টা করেছেন। এখানে তার পারিবারিক জীবন এবং মানুষ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখানো হয়েছে। বেনেগাল এক্ষেত্রে মনে করেন, গল্পটি বঙ্গবন্ধুর স্ত্রীই সবচেয়ে ভালো বলতে পারবেন। তাই বঙ্গবন্ধুর স্ত্রী যিনি তাকে সবচেয়ে ভালো জানতেন এ গল্পের কথক। তবে স্বাভাবিকভাবেই তার রাজনৈতিক জীবনের গল্পও এখানে আছে।










