ভারতীয় অভিনেত্রী রাশমিকা মানদানা তেলেগু, কন্নড়, হিন্দি ও তামিল চলচ্চিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। এরই মধ্যে ফিল্মফেয়ারসহ বেশ কয়েকটি পুরস্কার জমা হয়েছে তার ঝুড়িতে। তিনি দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম।
রাশমিকা সদ্যসমাপ্ত ২০২৫ সালকে ফিরে দেখেছেন এক আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টে। চলচ্চিত্রের ব্যস্ততা, ভ্রমণের স্মৃতি ও ব্যক্তিগত মুহূর্ত সব মিলিয়ে তার এ বছর শেষের পোস্ট এরই মধ্যে হয়ে উঠেছে ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু। একাধিক ছবিসহ ইনস্টাগ্রামে দেয়া পোস্টে রাশমিকা লিখেছেন, ‘যদি এ পুরো বছরটাকে এক মুঠোয় ধরতে পারতাম।’ আরেক বাক্যে লিখেছেন, ‘ভালোবাসা অনেকটা এমনই, এটা দেখেই তোমার কথা মনে পড়ল।’
পোস্টের একটি বাক্য সামাজিক মাধ্যমে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থাকা রাশমিকা যদিও এ নিয়ে সরাসরি কিছু বলেননি। তার পরও ভক্তরা এর ভেতর লুকোনো ইঙ্গিত খুঁজতে শুরু করেছেন। পোস্টে উঠে এসেছে তার পেশাগত জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত। শুটিং সেটের পর্দার আড়ালের দৃশ্য থেকে শুরু করে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ও ঘোষিত ছবিগুলোর পোস্টার কোলাজ, সবই জায়গা পেয়েছে সেখানে। ‘ছাভা’ দিয়ে শুরু হয়ে ‘সিকান্দার’, ‘কুবেরা’, ‘থম্মা’,‘ দ্য গার্লফ্রেন্ড’ ও ‘মিসা’ সিনেমার ছবি। সব মিলিয়ে রাশমিকার জন্য বছরটি যে কর্মব্যস্ত ছিল, এ পোস্ট যেন তারই সংক্ষিপ্ত সারমর্ম।
২০২৫-এ পুরো বছরেই রাশমিকার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের শেষ ছিল না। বিভিন্ন সময়ে খবর রটেছিল, অভিনেত্রী নাকি গোপনে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন। জনসমক্ষে তার আঙুলে হীরার আংটি দেখা যাওয়ার পর সে গুঞ্জন আরো জোরালো হয়। এ ঘটনা ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ ও হইচই ফেলে দেয়। যদিও এ বিষয়ে রাশমিকা কিংবা বিজয় কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
সব জল্পনা ও কৌতূহলের মধ্যেও রাশমিকা মান্দানা তার ২০২৫ সালের রিভিউ পোস্টে ব্যক্তিগত ইঙ্গিতের চেয়ে কাজ ও অর্জনকেই সামনে রেখেছেন। ব্যস্ত শুটিং, একের পর এক চলচ্চিত্র ঘোষণা এবং স্মরণীয় মুহূর্তের ঝলক দিয়ে তিনি যেন স্পষ্ট করে দিয়েছেন—গুজব নয়, তার পথচলার আসল পরিচয় তৈরি হচ্ছে পরিশ্রম ও সাফল্যের মধ্য দিয়েই। সে কারণেই সূক্ষ্ম ইঙ্গিত থাকলেও রাশমিকার এ পোস্ট ভক্তদের কাছে ভালোবাসা, কৃতজ্ঞতা ও এগিয়ে চলার এক ইতিবাচক বার্তাই পৌঁছে দিয়েছে।
সব মিলিয়ে, কৃতজ্ঞতা, কাজ ও স্মরণীয় মুহূর্তকে সামনে রেখেই রাশমিকা মান্দানার ২০২৫ সালের এ রিভিউ পোস্ট ভক্তদের মন ছুঁয়েছে।










