নতুন সিনেমার পোস্টার উন্মুক্ত করলেন ফাওয়াদ খান। নভেল করোনাভাইরাসের কারণে সিনেমাটির মুক্তি পিছিয়েছে। ‘মানি ব্যাক গ্যারান্টি’ নামে সিনেমাটি ২০২০ সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। পোস্টার ও অন্যান্য প্রচারে এর সংক্ষিপ্ত রূপ এমবিজি লেখা হচ্ছে। এ নামেই পরিচিত হচ্ছে সিনেমাটি। আগ্রহোদ্দীপক বিষয় হলো সিনেমাটিতে ফাওয়াদের সঙ্গে দেখা যাবে ওয়াসিম আকরামকে। গতকাল ফাওয়াদ খান তার ইনস্টাগ্রাম থেকে সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার
নতুন সিনেমা মানি ব্যাক গ্যারান্টির (এমবিজি) পোস্টার উন্মুক্ত করছি।’
সিনেমাটি পরিচালনা করছেন ফয়সাল কোরেশী। ফাওয়াদ আরো জানিয়েছেন, এ সিনেমার একটি প্রাথমিক টিজার ৯ সেপ্টেম্বর প্রচার করা হবে। সিনেমায় অভিনয় করছেন মিকাল জুলফিকার, আয়শা ওমর, জাভেদ শেখ, গহর রশীদ, শাফাত আলী ও আকদাস ওয়াসিম। ফাওয়াদ খানের পোস্ট করা প্রাথমিক পোস্টারটি আগ্রহজাগানিয়া। পোস্টারে ফাওয়াদ ও ওয়াসিম আকরামের দিকে মনোযোগ দেয়া হয়েছে। সিনেমাটির গল্প সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি। ওয়াসিম আকরামের চরিত্র, সিনেমায় তার নাম সম্পর্কেও এখনো জানানো হয়নি। তবে পোস্টার দেখে বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ কোনো চরিত্রেই থাকছেন তিনি।
এমবিজির শুটিং ২০১৯ সালের শেষের দিকে হয়। এর কিছু অংশ করাচিতে শুটিং করার পর অন্যান্য অংশ থাইল্যান্ডে হয়। শুটিং ও সাউন্ডট্র্যাক মাত্র ৪০ দিনে শেষ করা হয়েছিল। সিনেমার সংগীত পরিচালনা করেছেন শানি আরশাদ। এমবিজিতে তিনটি গান রয়েছে এবং এগুলোর শুটিং হয়েছে করাচি, লাহোর ও হিউস্টনে। এমবিজি মুক্তি পাবে ২০২৩ সালের ২১ এপ্রিল।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া










