তরুণ অভিনেতা শাহজাহান সম্রাট টেলিভিশন, বড় পর্দা, ওটিটিতে অভিনয় করে পেয়েছেন দর্শকের ভালোবাসা। চলতি বছরে ওয়েব সিরিজ ‘বোধ’-এ অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় ক্যাপ্টেন জাভেদ নকভি চরিত্রে অভিনয় করে বড় পর্দায় ক্যারিয়ারের সূচনা সম্রাটের। আগামী বছর একাধিক সিনেমায় দেখা যাবে তাকে। অভিনয় জীবনের প্রাপ্তিসহ নানা বিষয় নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন শাহজাহান সম্রাট। সাক্ষাৎকার নিয়েছেন সাবিহা জামান শশী
বোধে আপনার চরিত্রটি ফুটিয়ে তোলার অভিজ্ঞতা কেমন ছিল?
আমি অভিনয়টা অনেক বেশি উপভোগ করি। যতক্ষণ অভিনয় করি, মনে হয় দেহে প্রাণ আছে। অভিনয়ই আমার প্রাণশক্তি। বোধের এহসানের চরিত্রটা করতে আমার একেবারেই কষ্ট হয়নি। আর কায়িক পরিশ্রমের যে কষ্ট ছিল, সেটা দর্শকের ভালোবাসায় দূর হয়ে গিয়েছে। এ ছবিতে কাজ করার অভিজ্ঞতা ছিল চমৎকার। বাংলাদেশে ওটিটি প্লাটফর্ম এসেছে খুব সম্প্রতি। একজন অভিনেতা হিসেবে আমি নিজেও অনেক ভাঙা গড়ার মধ্য দিয়ে যাচ্ছি। অভিনয়কে আরো কী করে নিজের মধ্যে আয়ত্ত করে দর্শকের সঙ্গে আরো বেশি সম্পৃক্ত হওয়া যায়, সেটা নিয়ে ভাবছি। দিন শেষে আমরা অভিনয় করি দর্শকের জন্য। দর্শক ভালো বলছে, এটা খুবই আনন্দের। একজন অভিনেতার কাছে দর্শকের ভালোবাসা থেকে বেশি আর কিছু হতে পারে না।
দর্শকের কাছে সবচেয়ে বেশি কী শুনতে হচ্ছে বোধ নিয়ে?
দর্শক আমার অভিনয়ের প্রশংসা করছে। আমি অভিনয় করছি কয়েক বছর ধরে কিন্তু আমার অভিনয় যে ভালো হয়, দর্শক ভালোবাসছে, এটা আমি জানতাম না। বোধ থেকে আমি এটা জেনে গিয়েছি। এখন দর্শকই আমার আয়না। তারা আমাকে ভালোবেসেছে, গ্রহণ করেছে। এ ভালো লাগা মুখে বলে শেষ করা যাবে না। এছাড়া সবচেয়ে বেশি যেটা শুনতে হচ্ছে দর্শকের কাছ থেকে, সেটা হলো ‘গুলিটা যেন সম্রাট ভাইয়ের না লাগে’। সামাজিক যোগাযোগমাধ্যমে কমেন্ট বক্সে আমি এটাই সবচেয়ে বেশি দেখতে পাই।
বোধের দ্বিতীয় পর্বে কি আপনাকে দেখা যাবে?
এটা আমি না, পরিচালক আর হইচই বলতে পারবে। দেখা যাক কী হয়। এখনো বোধের দ্বিতীয় অংশ নিয়ে জানি না কী হতে যাচ্ছে।
নতুন কাজ নির্বাচন করার আগে আপনি কোন বিষয়গুলো গুরুত্ব দেন?
চিত্রনাট্য, নির্মাতা আর আমার চরিত্র-তিনটি বিষয় আমি দেখি। চরিত্র নির্বাচন করার আগে আমি দেখি গল্পটা কেমন। হতে পারে আমাকে জেমস বন্ড চরিত্র দেয়া হলো কিন্তু গল্পটা খুব বাজে, তখন আমি একটা ভালো চরিত্র করে লাভ হবে না। তারপর দেখি নির্মাতা কে। আমাকে বিভূতিভূষণের একটা গল্পে অভিনয় করতে বলা হলো কিন্তু দেখলাম নির্মাতা ভালো নয়, এখানে গল্পটা ঠিকভাবে ফুটে উঠবে না। নির্মাতা কেমন, আমি তার কাছে আমাকে সমর্পণ করতে পারব কিনা, তিনি আমার ভেতর থেকে অভিনয়টা বের করে আনবেন কিনা এ বিষয়গুলো আমার দেখতে হয়। অভিনেতাকে নির্মাতার ওপর ভরসা রাখতে হয়। আমি ভরসার জায়গাটা দেখি।
কোন জনরার কাজ আপনাকে তৃপ্তি দেয়?
আমার কাছে মূল বিষয় হচ্ছে গল্প, সেটা যে দলেরই হোক না কেন। ফুল যখন ফোটে তখন সুবাস ছড়াবে। তাই গল্পটা যখন ভালো হবে, তখন সেটা ভালো হবে, অভিনয় করেও ভালো লাগবে। আমি যখন বুঝি গল্পটা ভালো, তখন ভালোবেসেই অভিনয়টা করি। নিজের অবস্থান থেকে সততার সঙ্গে অভিনয় করি।
২০০৪ সালে মঞ্চ দিয়ে অভিনয় শুরু করেছিলেন। এখন কি মঞ্চ মিস করেন?
মঞ্চে এখন আমার অভিনয় করা হয় না। শেষ ২০১৭-তে আমি মঞ্চে অভিনয় করেছিলাম, এরপর আর হয়নি। আমার ভাবনাটা এমন ছিল যে অভিনয়ের যতগুলো মাধ্যম আছে, মোবাইল ফোন থেকে টেলিভিশন যেসব মাধ্যমের কাজ পর্দায় দেখা যাবে, আমি সেসবে অভিনয় করব। সবগুলো মাধ্যমেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কাছে মনে হয় সব মাধ্যমে অভিনয় করার যে প্রক্রিয়া, সেটা নিজের মধ্যে আয়ত্ত করে ফেলেছি। থিয়েটারে ঢোকার জায়গা আছে কিন্তু বের হওয়ার জায়গা নেই। আজ হয়তো আমি থিয়েটারে কাজ করছি না কিন্তু কয়েক বছর পরও করব না, এমন নয়। কোনো একদিন যদি আমার মনে হয়, দু-তিনজন আর্টিস্ট মিলে অথবা একক নাটকের কাজ হয়, তবে সুযোগ থাকলে আমি করব। কিন্তু সত্যি বলতে এখন সিনেমা, ওটিটি ও টিভিসিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি।
সামনে আপনার কোন প্রজেক্টগুলো আসতে যাচ্ছে?
মুক্তির অপেক্ষায় আছে ‘বিলডাকিনি’, নির্মাতা ফজলুল কবীর তুহিন। এ সিনেমায় আমার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্র। আছেন মোশাররফ করিম, লুৎফর রহমান জর্জ। ‘রঙবাজার’ চলচ্চিত্রের নির্মাতা রাশিদ পলাশের সিনেমা এটা। এতে আমার চরিত্রটা দুর্দান্ত। জানুয়ারিতে শুরু হবে৷ তারিফ সাঈদ রাজনের ‘থ্রি নট থ্রি’ সিনেমা। এছাড়া একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শুটিং করেছি গত মাসে। এটা নিয়েও আমি আশাবাদী। আমার কাছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র খুব ভালো লাগে। অল্প সময়ে চমৎকার কিছু করার সুযোগ থাকে।
চলতি বছরের প্রাপ্তি এবং আগামী বছরের প্রত্যাশা কিংবা পরিকল্পনা কী?
এ বছরে আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি বোধের মধ্য দিয়ে দর্শকের সঙ্গে সংযুক্ত হতে পেরেছি। আমি আমার দর্শককে বুঝতে পেরেছি, তারা আমাকে পছন্দ করেছে। আমার অভিনয় দর্শক ভালোবেসেছে, তারা আমাকে গ্রহণ করেছে। এ মাহেন্দ্রক্ষণের জন্য আমাকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। আগামী বছরের প্রত্যাশা আমার আমিকে ছাড়িয়ে যেতে চাই। আরো ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করে দর্শকের কাছে ভালো অবস্থান তৈরি করার চেষ্টা থাকবে আমার।










