দেশের সফল অভিনেত্রীদের একজন কাজী নওশাবা আহমেদ। নাটক, ওয়েব সিরিজ কিংবা ওয়েব ফিল্মে নিয়মিত দেখা যায় তাকে। ২০১৩ সালে ‘‌উধাও’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন নওশাবা। চলতি বছরে ‘‌অমানুষ’ সিনেমায় ‘‌ডাকাত’ চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। অভিনয় আর ব্যক্তিজীবনের নানা গল্প নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন নওশাবা। সাক্ষাৎকার নিয়েছেন সাবিহা জামান শশী

কোন জনরায় অভিনয় করতে বেশি ভালোবাসেন? 

আমি স্কুল জীবনে কোনোদিন মঞ্চে দাঁড়িয়েছি, আমার মনে পড়ে না। চারুকলায় যাওয়ার পর ছবি আঁকা। এরপর পাপেট, তিন বছরের বাচ্চা ভূত ইকরির পর আমার প্রথম সিনেমা উধাও। এরপর ঢাকা অ্যাটাক ছবি, নাটক, থিয়েটার। কোনো নির্দিষ্ট কিছুতে আমি আবদ্ধ নেই। পাপেট করছি, ভয়েস ওভার দিচ্ছি, আবার বাণিজ্যিক সিনেমা করছি। আমি কখনো কোনো কিছুতে নিজেকে বাঁধতে চাইনি। মন যা চেয়েছে, তাই করেছি। আমি দর্শকের প্রতি সম্মান রেখে কাজ করি। আমার ভাবনা, আমি যে কাজ করে আনন্দ পাই, দর্শকেরও সেটা দেখে ভালো লাগবে। শেষ বয়স পর্যন্ত আমি অনেক ধরনের চরিত্রে কাজ করতে চাই। 

আমার অনেক দিনের ইচ্ছা রোম্যান্টিক কমেডি করার। কিন্তু হয়তো আমি খুব স্পষ্টভাষী দেখে আমাকে সবাই প্রতিবাদী চরিত্রগুলোয় দেখতে পায়। এছাড়া অ্যাকশন চরিত্রেও অভিনয় করার ইচ্ছা আমার। 

সম্প্রতি করা ‘‌আড়াল’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? 

আমি আড়াল ও বাঘে খায় এ দুটি ওয়েব কনটেন্টে অভিনয় করেছি। দুটি চরিত্র সম্পূর্ণ আলাদা। আড়ালে আমার চরিত্রটি উত্তর মেরু হলে বাঘে খায় দক্ষিণ মেরু। দুটি কনটেন্ট দুই ধরনের, সাড়াও পাচ্ছি বেশ। আমি দর্শককে অনুরোধ করব দুই কাজই দেখতে, তাহলে আলাদা বিষয় বুঝতে পারবে। বাঘে খায় গৎবাঁধা চরিত্রের বাইরে গিয়ে অভিনয় করার চেষ্টা করেছি আমি। আড়ালে আমি শেফালি চরিত্রে অভিনয় করেছি। আর এটা বলতেই হবে আড়ালের বিষয়টা খুব সেনসেটিভ। তাই এটা যে অনেক মানুষ পছন্দ করবে, আমরা এমনটা ভাবিনি।  

যে স্বপ্ন নিয়ে মিডিয়ায় কাজ শুরু করেছিলেন, সেটা কি পূরণ হয়েছে? 

মিডিয়ায় আসাটা আমার জন্য খুব সুখকর ছিল না। যখন সিসিমপুর করছিলাম, তখন আমার একটা এক্সিডেন্ট হয়। আমি প্যারালাইজড হয়ে যাই। ভারতে লম্বা সময় আমার চিকিৎসা হয়েছে। ওই সময়ে হুইল চেয়ার থেকে দাঁড়ানোর জন্য আমার অনুপ্রেরণার জায়গা ছিল ইকরি। আমি সবসময় বলতাম, আমাকে ইকরি করতে হবে। আমার অপারেশন হওয়ার পর চোখ খুলেই আমি বলেছিলাম, আমি কবে ঢাকায় গিয়ে ইকরির শুটিং করতে পারব। সে সময়ে ডাক্তার বলেননি আমি ছয় থেকে সাত মাস অনেক কাজই করতে পারব না। বাংলাদেশে আসার পর আমাকে হতাশা ঘিরে ধরে। আমি খুব লাকি বাংলাদেশে আসার পর উধাও সিনেমাটির অফার আসে। আমি কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিই। এই আমার পথচলা শুরু অভিনেত্রী হিসেবে। আমি হতাশা থেকে বের হয়ে আসতে শিল্পকে আঁকড়ে ধরেছিলাম। আর এখন আমি অনেক খুশি। আমার জীবনে আফসোস নেই। আমার দর্শক আমাকে ছেড়ে যায়নি। যারা আমাকে ১৫ বছর আগেও ভালোবাসত, তারা এখনো ভালোবাসে। 

দীর্ঘ ছয় বছর সিসিমপুরের ইকরির চরিত্র করেছেন, এ অভিজ্ঞতা শুনতে চাই।

ইকরি একজন মানুষ হিসেবে আমাকে নতুন করে জন্ম দিয়েছে। সে খুব দুষ্ট, প্রাণোচ্ছ্বল একটি চরিত্র। যার কল্পনার কোনো শেষ নেই। কিন্তু ছোটবেলায় আমি খুব শান্ত ছিলাম। আমার বাবা-মা অনেক দিন বিশ্বাস করেনি, আমি ইকরি করি। যখন ইকরির কাজ করি, তখন বুঝলাম আমি ভেতরে ভেতরে ইকরি ছিলাম। আমার কাছে মনে হয়েছে সৃষ্টিকর্তা আমাকে ইকরির মাধ্যমে আরো একবার শৈশব কাটানোর সুযোগ করে দিয়েছে। ইকরি আমার জন্য কোনো প্রজেক্ট ছিল না, এটা আমার সত্তার আরেকটা রিপ্রেজেন্টেশন। তবে আমি ইকরিকে হারিয়ে প্রকৃতিকে পেয়েছি। ওর সঙ্গে আমি ইকরির মিল পাই। আমার কাছে এখন রক্তমাংসে গড়া একটা ইকরি আছে। 

ইকরিকে ফিরিয়ে আনছেন না কেন? 

একটা কথা আছে প্রথম প্রেম মানে প্রথম প্রেম। আমার নিজের পাপেট দল টুগেদার উই ক্যানে আমি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করি। এখানকার পারফরমাররা সবাই প্রতিবন্ধী। আমি তাদের পাপেট শেখাই। কিন্তু আমার কখনো মনে হয়নি আমি ইকরি নিয়ে বা ওর ভয়েজ নিয়ে কাজ করি। আমি নতুন প্যাপেটের চরিত্র নিয়ে কাজ করি, তবে ইকরি নয়। ইকরি আমার আর আমার মেয়ের ভেতরেই থাকুক। ইকরি সবার ভালোবাসা পেয়েছে, তাই বলে ওকে মাধ্যম ধরে আমি কিছু করব না। 

সামনে আপনাকে কোন কোন কাজে দেখা যাবে?

আমাকে সবসময় পাপেট থিয়েটারের পরিচালনায় দেখা যাবে। সামনে কিছু কাজ আসছে। কয়েকটি শর্টফিল্ম ও ওয়েব সিরিজ দেখা যাবে। আল্লাহ সব ঠিক রাখলে দুটো সিনেমায়ও দর্শক আমাকে দেখতে পারবে।